পুরনিগমের ‘ক্লিন স্ট্রিট ফেস্ট’-এ জনজোয়ার, নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে সফল সচেতনতা অভিযান
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর : শিলচরের প্রাত্যহিক ব্যস্ত রাজপথ রবিবার সেজে উঠেছিল এক ভিন্ন আঙ্গিকে। নাগরিক সচেতনতা এবং পরিবেশ রক্ষার সংকল্পকে পাথেয় করে শিলচর পুরনিগমের উদ্যোগে আয়োজিত হল ‘ক্লিন স্ট্রিট ফেস্ট’। সংগীত, নৃত্য এবং সৃজনশীল শিল্পের মেলবন্ধনে রাজপথই হয়ে উঠল সুস্থ ও টেকসই নগরজীবনের প্রচারমঞ্চ।
জাতীয় নির্মল বায়ু কর্মসূচি (NCAP)-এর আওতায় এবং ‘টোয়াসো (TOWASO) প্রাইভেট লিমিটেড’-এর সহযোগিতায় আয়োজিত এই উৎসবটি শহরবাসীর মধ্যে ব্যাপক উৎসাহের সঞ্চার করেছে।
এদিন অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করে শিলচর পৌর নিগমের কমিশনার সৃষ্টি সিং (আইএএস) এক তাৎপর্যপূর্ণ বার্তা প্রদান করেন। তিনি স্পষ্ট ভাষায় জানান, একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলা কেবল প্রশাসনের একার দায়িত্ব নয়; এর জন্য প্রয়োজন জনসমাজের সক্রিয় অংশীদারিত্ব।
বায়ুর গুণমান উন্নয়ন এবং নাগরিক পরিসরগুলোকে আবর্জনামুক্ত রাখতে বাসিন্দাদের দৈনন্দিন অভ্যাসে পরিবর্তন আনার আহ্বান জানান তিনি। নাগরিকদের ‘ক্লিন এয়ার সিটিজেন ড্রাইভ’-এ শামিল হওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, “শিলচরের একটি উজ্জ্বল ও পরিবেশবান্ধব ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রতিটি নাগরিকের সদিচ্ছা ও সহযোগিতা একান্ত অপরিহার্য।”

অনুষ্ঠানে উপস্থিত ক্ষিতিজ রাজ জাতীয় নির্মল বায়ু কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে বলেন, ‘ক্লিন স্ট্রিট ফেস্ট’-এর মতো ব্যতিক্রমী উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা ছড়িয়ে দিতে এবং নাগরিক দায়বদ্ধতা তৈরিতে কার্যকর ভূমিকা পালন করে।
উৎসবের সাংস্কৃতিক পর্বটি ছিল এক কথায় অনবদ্য। ‘জাস্ট অ্যানাদার ব্যান্ড’ (JAB)-এর মোহময় সুরের মূর্ছনায় সন্ধ্যার সূচনা হয়। শাস্ত্রীয় নৃত্যের ছন্দবদ্ধ পরিবেশনা অনুষ্ঠানটিতে এক অনন্য আভিজাত্য যোগ করে। ‘ডান্স অ্যান্ড বিটস অ্যাকাডেমি’-র শিক্ষার্থীদের নজরকাড়া পারফরম্যান্স দর্শকদের মুগ্ধ করেছে; বিশেষ করে তরুণ প্রতিভা সোহান দাসের একক ও দলীয় নৃত্য শৈলী ছিল প্রশংসনীয়। পাশাপাশি হিপ-হপ নৃত্যের ছন্দে মেতে ওঠে উপস্থিত যুবসমাজ।
উৎসবে পরিবেশগত বার্তার পাশাপাশি সৃজনশীলতার এক অপূর্ব প্রতিফলন দেখা গেছে। প্লাস্টিকের ব্যবহার বর্জন করে পরিবেশবান্ধব মোড়কে খাদ্য পরিবেশন ছিল এক অনুকরণীয় দৃষ্টান্ত। মণ্ডপ সজ্জায় ইকো-ব্রিক এবং পুনর্ব্যবহৃত টায়ার ও স্ক্র্যাপের ব্যবহার দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করে। এছাড়া ছিল নানা ধরনের ইন্টারঅ্যাক্টিভ গেমস্— স্নেকস অ্যান্ড ল্যাডার্স, বাস্কেটবল চ্যালেঞ্জ এবং ‘ফিট-অ্যান্ড-পজ’-এর মতো খেলায় সব বয়সের মানুষ মেতে ওঠেন। শিল্প প্রদর্শনী, ফেস পেইন্টিং ও লাইভ পেইন্টিং সেশন উৎসবের প্রাঙ্গণকে এক সৃজনশীল জনপদে রূপান্তরিত করে।
সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত পথনাটকটি ছিল উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ, যা জনপরিসর পরিষ্কার রাখার গুরুত্ব অত্যন্ত সাবলীলভাবে ফুটিয়ে তোলে। অনুষ্ঠানের সমাপ্তি ঘটে বরাক উপত্যকার ঐতিহ্যবাহী লোকনৃত্য ‘ধামাইল’-এর মাধ্যমে, যেখানে শিল্পী ও সাধারণ মানুষ ভেদাভেদ ভুলে একযোগে পা মেলান। সবশেষে জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গর্গের গানের ছন্দে এক আনন্দঘন ও স্মৃতিমধুর আবহে উৎসবের পরিসমাপ্তি ঘটে।



