কর্মসংস্থানের সুযোগ বাড়াতে উদ্যোগ, এক ছাদের তলায় নিয়োগকারী সংস্থা ও চাকরিপ্রার্থীরা
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর, ২৭ নভেম্বর: কাছাড় জেলায় বেসরকারি ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে আয়োজিত মিনি রিক্রুটমেন্ট ড্রাইভে ৭২০ জন চাকরিপ্রার্থী অংশ নিলেন। তাঁদের মধ্যে ২৪৭ জনকে প্রাথমিকভাবে বেছে নিয়েছে অংশগ্রহণকারী বিভিন্ন সংস্থা। বৃহস্পতিবার শিলচরের মেহেরপুরে সিলচর পলিটেকনিকে জেলা কর্মসংস্থান বিনিময় কেন্দ্রের উদ্যোগে এই নিয়োগ শিবির অনুষ্ঠিত হয়।
সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এই কর্মসূচিতে বিভিন্ন ক্ষেত্রের একাধিক বেসরকারি সংস্থা অংশ নেয়। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, মোট অংশগ্রহণকারীর প্রায় ৩০.৩০ শতাংশ প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। ফলে স্থানীয় যুবক-যুবতীদের কাছে বেসরকারি ক্ষেত্রে কাজের সুযোগ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ বলে মনে করছে জেলা প্রশাসন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন কাছাড়ের অতিরিক্ত জেলাশাসক মারিয়া তানিম, এসিএস। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে নিয়োগ শিবিরের সূচনা করে তিনি বলেন, দক্ষ চাকরিপ্রার্থী ও নিয়োগকারী সংস্থার মধ্যে ব্যবধান কমানো একটি শক্তিশালী ও স্বনির্ভর কর্মশক্তি গড়ে তোলার জন্য অত্যন্ত জরুরি।
তরুণদের উদ্দেশে তাঁর পরামর্শ, চাকরির সুযোগের জন্য আত্মবিশ্বাস ও দৃঢ়তা নিয়ে এগিয়ে আসতে হবে। পাশাপাশি সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের দক্ষতা ও পেশাগত যোগ্যতার উন্নয়ন ঘটানো প্রয়োজন। শিক্ষাগত যোগ্যতাকে বাস্তব কর্মসংস্থানের সুযোগে রূপান্তরিত করতে এ ধরনের নিয়োগ শিবির কার্যকর ভূমিকা নিতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
সিলচর পলিটেকনিকের অধ্যক্ষ সঞ্জীব সিনহা বলেন, শুধু শিক্ষাগত যোগ্যতা বা কারিগরি জ্ঞান থাকলেই কর্মক্ষেত্রে সফল হওয়া যায় না। যোগাযোগের দক্ষতা, শৃঙ্খলা, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা এবং কাজের বাস্তব অভিজ্ঞতাও সমান গুরুত্বপূর্ণ। চাকরিপ্রার্থীদের নিজেদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি।
জেলা কর্মসংস্থান বিনিময় কেন্দ্রের সহকারী অধিকর্তা হিমাংশু কুমার দাস বলেন, মিনি রিক্রুটমেন্ট ড্রাইভের মাধ্যমে চাকরিপ্রার্থীরা সরাসরি নিয়োগকারীদের সঙ্গে যোগাযোগের সুযোগ পান। বিভিন্ন শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের চাহিদা সম্পর্কে ধারণা পাওয়ার পাশাপাশি নিজেদের যোগ্যতা তুলে ধরারও সুযোগ তৈরি হয়। আগামী দিনেও জেলার যুবকদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান তিনি।
নিয়োগ শিবিরে অংশ নেওয়া সংস্থাগুলির মধ্যে ছিল বিভা ফুড কোর্ট, হোটেল বিভা, বিভা বেকার্স, কে ডি কোল্ড স্টোরেজ, ত্রিপুরা ফ্লাওয়ার মিল, বাজাজ ফিনসার্ভ এবং বরাক ভ্যালি ইনফ্রাস্ট্রাকচার-সহ বিভিন্ন প্রতিষ্ঠান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলচর পলিটেকনিকের প্রভাষক ইনা বর্মন। শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন হিমাংশু কুমার দাস। জেলা প্রশাসন, কর্মসংস্থান ও কারিগরি প্রশিক্ষণ দফতর এবং সিলচর পলিটেকনিকের সহযোগিতায় এই কর্মসূচি সফল হয়েছে বলে আয়োজকদের তরফে জানানো হয়।
বরাক ভ্যালি জোনের আঞ্চলিক তথ্য ও জনসংযোগ দফতর, শিলচরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।


