আরবিআই-এর আর্থিক নীতি কমিটির বৈঠকে আগের ৫.৪০ শতাংশই রইল রেপো রেট
কে আর সি টাইমস ডেস্ক
রেপো রেট (যে সুদের হারে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে ঋণ দেয় রিজার্ভ ব্যাঙ্ক) অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। আরবিআই-এর আর্থিক নীতি কমিটির বৈঠকে আগের ৫.৪০ শতাংশই রইল রেপো রেট। পাশাপাশি অপরিবর্তিত থাকার পর রিভার্স রেপো রেট ৪.৯০ শতাংশ এবং ব্যাঙ্ক রেট ৫.৪০ শতাংশ। ২০১৯-২০২০ অর্থবর্ষে জিডিপি আউটলুক স্থির করা হয়েছে ৫ শতাশ, এর আগে যা ছিল ৬.১ শতাংশ। উল্লেখ্য, এর আগে গত ৪ অক্টোবর রেপো রেট, রিভার্স রেপো রেট এবং ব্যাঙ্ক রেট কমিয়েছিল আরবিআই। জিডিপি আউটলুক স্থির করা হয়েছিল ৬.১ শতাংশ। কিন্তু ৫ ডিসেম্বর, বৃহস্পতিবার রেপো রেট এবং রিভার্স রেপো রেট অপরিবর্তিত রাখল আরবিআই। জিডিপি আউটলুক কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। ৪ অক্টোবর ছাড়াও, চলতি বছরের ফেব্রুয়ারি, এপ্রিল, জুন ও আগস্ট মাসে রেপো রেট কমিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।


