পুলিশ অধীক্ষক সুব্রত সেন জানান, মদ্যপানের কারণে ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনা কমাতেই এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে
অজিত দাস
শিলচর : ইংরেজি নববর্ষ উদযাপনের প্রাক্কালে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনা রোধের লক্ষ্যে শিলচর শহরে নাকা চেকিং জোরদার করেছে কাছাড় পুলিশ। এই অভিযানে আবগারি বিভাগেরও সক্রিয় সহযোগিতা রয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গত দু’দিনে আবগারি বিভাগ প্রায় ১ লক্ষ ৬৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে এবং ১৪টি যানবাহন জব্দ করা হয়েছে। গত কয়েকদিন ধরে শিলচরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে মদ্যপ চালকদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালানো হচ্ছে।
এদিন সাংবাদিকদের কাছে কাছাড়ের অতিরিক্ত পুলিশ অধীক্ষক সুব্রত সেন জানান, মদ্যপানের কারণে ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনা কমাতেই এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, ব্রেথ অ্যানালাইজার ব্যবহার করে নিয়মিত পরীক্ষা চালানো হচ্ছে এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে আবেদন জানানো হয়েছে—মদ্যপ অবস্থায় কখনও গাড়ি না চালাতে এবং ট্রাফিক নিয়ম মেনে চলতে, যাতে নববর্ষের উদযাপন সকলের জন্য নিরাপদ ও নির্বিঘ্ন হয়।
Promotional | North East Integration Rally



