উল্টোডাঙা উড়ালপুলে ফাটলের পর কয়েকদিন দুটি লেনই বন্ধ করে দিয়েছিল পূর্ত দফতর । সংস্কারে লেগে যাবে প্রায় দু’মাস। চাপ সামাল দিতেই ভিআইপি রোড থেকে কেষ্টপুর খালের উপর ‘বেইলি ব্রিজ’ তৈরির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার
কে আর সি টাইমস ডেস্ক
ভিআইপি রোডে যানজট রুখতে উল্টোডাঙা সেতুর বিকল্প হিসেবে তৈরি হচ্ছে বেইলি ব্রিজ । এই বেইলি ব্রিজ তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার । বৃহস্পতিবার সল্টলেকের নগরোন্নয়ন দফতরে ডাকা হয় এই সংক্রান্ত বৈঠক। বৈঠকে দফতরের প্রধান সচিব সুব্রত গুপ্ত সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন । বৈঠকে ডাকা হয় গার্ডেনরিচ শিপ বিল্ডার্স-এর আধিকারিকদেরও । চটজলদি ‘বেইলি ব্রিজ’ তৈরির ক্ষেত্রে এই সংস্থার সুনাম রয়েছে বলে সরকারী সুত্রে খবর ।মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পর কলকাতার সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল বেহালার যোগাযোগ । সেই সময়ে বেইলি ব্রিজ তৈরির সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার । সেটাকেই মডেল করে এবার উল্টোডাঙা সেতুর বিকল্প হিসেবে তৈরি হচ্ছে বেইলি ব্রিজ । মাঝেরহাটের ক্ষেত্রে বেইলি ব্রিজ করার সময়ে ইঞ্জিনিয়রদের বেশ কয়েকদিন লেগে গিয়েছিল জায়গা চিহ্নিত করতে । এবার ইঞ্জিনিয়রদের দ্রুত জায়গা চিহ্নিত করার নির্দেশ দিয়েছেন নগরোন্নয়ন দফতরের প্রধান সচিব সুব্রত গুপ্ত ।
উল্টোডাঙা উড়ালপুলে ফাটলের পর কয়েকদিন দুটি লেনই বন্ধ করে দিয়েছিল পূর্ত দফতর । তারপর বিমানবন্দর গামী লেনটি চালু হলেও বন্ধ বাইপাসগামী লেন । সংস্কারে লেগে যাবে প্রায় দু’মাস। পুজোর আগে কাজ শেষ হওয়া মুশকিল । তাই সেই চাপ সামাল দিতেই ভিআইপি রোড থেকে কেষ্টপুর খালের উপর ‘বেইলি ব্রিজ’ তৈরির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার ।
কোন জায়গায় ব্রিজটি হবে তা অবশ্য স্পষ্ট নয় । নগরোন্নয়ন দফতর সূত্রে খবর, লেকটাউন ও উল্টোডাঙার মাঝে দক্ষিণদাড়ি-গোলাঘাটা বাসস্টপের কাছ থেকে ব্রিজটি উঠে খাল পেরিয়ে সল্টলেকে পড়বে । এমনিতেই সল্টলেক এখন আগের তুলনায় যানবাহন সঙ্কুল । ফলে ভিআইপি থেকে বাইপাসগামী সমস্ত গাড়ি যদি সল্টলেকে ঢোকে তাহলে পিএনবি বা সিটি সেন্টার ওয়ানের সামনের রাস্তায় আরও যানজটের সম্ভাবনা থেকে যাবে ।


