প্রস্তাব প্রত্যাখ্যাত হতেই প্রতিশোধ? এআই-ভিত্তিক ভুয়া ভিডিও ছড়িয়ে মহিলাকে ব্ল্যাকমেইল, অভিযুক্ত পুলিশের হেফাজতে
অজিত দাস
শিলচর : মহিলার অশ্লীল ভিডিও তৈরি করে ব্ল্যাকমেইল করার অভিযোগে পুলিশের জালে ধরা পড়ল রিপন নাথ। হায়দরাবাদ থেকে তাকে গ্রেপ্তার করে গুমরা থানার পুলিশ। জানা গেছে, করিমগঞ্জ জেলার রাতাবাড়ি এলাকার বাসিন্দা রিপন নাথ হায়দরাবাদের একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিল।
অভিযোগ অনুযায়ী, সেখান থেকেই সে কাছাড় জেলার গুমরা এলাকার এক মহিলার সঙ্গে ফোনে যোগাযোগ করে অবৈধ সম্পর্কের প্রস্তাব দেয়। মহিলাটি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলে, অভিযুক্ত এআই প্রযুক্তির সাহায্যে মহিলার ভুয়া অশ্লীল ভিডিও তৈরি করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয় বলে অভিযোগ।
এরপর কয়েকদিন ধরে ভিডিওটি দেখিয়ে ওই মহিলাকে ব্ল্যাকমেইল করা হচ্ছিল বলে জানায় পুলিশ। মানসিকভাবে ভেঙে পড়ে মহিলাটি গুমরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে গুমরা থানার পুলিশ।
তদন্তের সূত্র ধরে হায়দরাবাদে অভিযান চালিয়ে রিপন নাথকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে গুমরায় নিয়ে আসা হয়েছে। বর্তমানে অভিযুক্ত পুলিশ হেফাজতে রয়েছে এবং পুরো ঘটনার তদন্ত চলছে। পুলিশ জানিয়েছে, সাইবার অপরাধ ও এআই প্রযুক্তি ব্যবহার করে কারও মানহানি করার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



