নিম্নমানের সামগ্রী ব্যবহারের প্রতিবাদে সরব এলাকাবাসী, ঠিকাদার না আসা পর্যন্ত কাজ বন্ধ রাখার হুঁশিয়ারি
কে আর সি টাইমস ডেস্ক
ভাগা : স্কুলের পরিকাঠামো উন্নয়নে সরকারি অনুদান এলেও তার সদ্ব্যবহার হচ্ছে না। বরং ঠিকাদার ও বাস্তুকারের অসাধু আঁতাতের জেরে নিম্নমানের কাজ হচ্ছে বলে অভিযোগ উঠল। নরসিংপুর শিক্ষা খণ্ডের অন্তর্গত ১৪১৭ নং এলেনপুর ফাঁড়ি শিববাড়ি এলপি স্কুলের রান্নাঘর নির্মাণ কাজে বড়সড় দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার, এই অনিয়মের প্রতিবাদে সরব হয়ে নির্মাণ কাজ সরাসরি বন্ধ করে দিলেন স্কুল পরিচালন কমিটির (এসএমসি) সভাপতি। স্থানীয় সচেতন নাগরিকদের অভিযোগ, সরকারি অর্থ অপচয় করে অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে দায়সারাভাবে কাজ চালানো হচ্ছে, যা মেনে নেওয়া হবে না।
এদিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন স্কুল পরিচালন কমিটির সভাপতি জয়নাথ দুষাদ। তাঁর সঙ্গে প্রতিবাদে শামিল হন রামু ফুলমালি, বাবলি গোয়ালা, ভজন ফুলমালি, সংগীতা গোয়ালা সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা। তাঁদের অভিযোগ, সংশ্লিষ্ট বাস্তুকার বা ঠিকাদার কেউই কাজের তদারকি করছেন না।
সম্পূর্ণ দায়িত্ব অদক্ষ মিস্ত্রিদের ওপর ছেড়ে দেওয়া হয়েছে, যারা নিজেদের খেয়ালখুশি মতো ‘মনগড়া’ কাজ চালিয়ে যাচ্ছে। অভিযোগ, নির্মাণ কাজে সিমেন্ট ও বালুর মিশ্রণের অনুপাত নিয়ম মেনে করা হচ্ছে না। পাঁচ বা ছয় ভাগ বালুর সঙ্গে মাত্র এক ভাগ সিমেন্ট মিশিয়ে গাঁথুনির কাজ চলছে। এমনকি, বালু চালনি না করেই সরাসরি সিমেন্টের সঙ্গে মেশানো হচ্ছে, যা নির্মাণের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।
এসএমসি সভাপতি আরও অভিযোগ করেন, নির্মাণ কাজে ব্যবহৃত বালু অত্যন্ত নিম্নমানের। পাশাপাশি, নিয়ম অনুযায়ী নবনির্মিত পাকা দেওয়াল বা পিলারে জল (কিউরিং) দেওয়া হচ্ছে না। স্থানীয়দের আশঙ্কা, এভাবে চূড়ান্ত দুর্নীতির আশ্রয় নিয়ে কাজ চললে কয়েকদিনের মধ্যেই নবনির্মিত রান্নাঘরটি ভেঙে পড়তে পারে।
এতে ভবিষ্যতে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা থাকছে। ক্ষুব্ধ এলাকাবাসী এদিন সাফ জানিয়ে দিয়েছেন, সংশ্লিষ্ট বাস্তুকার ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাজের গুণমান সুনিশ্চিত না করা পর্যন্ত নির্মাণ কাজ বন্ধ থাকবে। সরকারি অর্থের এমন অপচয় এবং দুর্নীতির বিরুদ্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন তাঁরা।
Promotional | North East Integration Rally




