শ্রীভূমি জেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় কুষ্ঠ দিবস পালিত
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শ্রীভূমি : মহাত্মা গান্ধিজির প্রয়াণ দিবস উপলক্ষে আজ শুক্রবার শ্রীভূমি জেলা জুড়ে জাতীয় কুষ্ঠ দিবস পালিত হয়েছে। জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডা. মতিন্দ্র সূত্রধর।
এবারের কুষ্ঠ দিবসের মূল প্রতিপাদ্য ছিল— “বৈষম্যের অবসান, মর্যাদার নিশ্চয়তা”। জেলা পর্যায়ের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনএইচএম-এর জেলা কর্মসূচি ব্যবস্থাপক হানিফ মহম্মদ, জেলা মিডিয়া বিশেষজ্ঞ সুমন চৌধুরী এবং জেলা এপিডেমিওলজিস্ট সুমিত রায়।

দিবসটি উপলক্ষে জেলা সদরে একটি সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়। স্বাস্থ্য বিভাগের আধিকারিক, কর্মচারী এবং প্রথম সারির স্বাস্থ্যকর্মীরা এই র্যালিতে অংশ নিয়ে কুষ্ঠ রোগের প্রাথমিক লক্ষণ, সময়মতো চিকিৎসার গুরুত্ব এবং সামাজিক কুসংস্কার দূর করার আহ্বান জানান।
মাঠ পর্যায়ে সচেতনতা ছড়িয়ে দিতে জেলার ৪০টি গ্রামে আশাকর্মীদের পরিচালনায় বিশেষ গ্রামসভা অনুষ্ঠিত হয়। এসব সভায় কুষ্ঠ রোগ শনাক্তকরণ এবং রোগীকে অবহেলা না করে সঠিক চিকিৎসার সুফল সম্পর্কে গ্রামবাসীদের অবহিত করা হয়।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানানো হয়েছে, জেলায় বর্তমানে ‘স্পর্শ কুষ্ঠ সচেতনতা অভিযান’ (SLAC) সক্রিয়ভাবে পরিচালিত হচ্ছে। এই কর্মসূচির প্রধান লক্ষ্য হলো— সমাজের সর্বস্তরে কুষ্ঠ রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, দ্রুত রোগ শনাক্তকরণ এবং বিনামূল্যে উন্নত চিকিৎসা পরিষেবা নিশ্চিত করা।
উপস্থিত আধিকারিকগণ তাঁদের বক্তব্যে পুনর্ব্যক্ত করেন যে, কুষ্ঠ কোনো অভিশাপ নয় বরং এটি একটি সাধারণ রোগ যা সঠিক চিকিৎসায় সম্পূর্ণ নিরাময় সম্ভব। কুষ্ঠমুক্ত সমাজ গড়তে এবং রোগীদের সামাজিক মর্যাদা নিশ্চিত করতে সকল স্তরের মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানায় জেলা স্বাস্থ্য বিভাগ।
Promotional | North East Integration Rally



