কোটি টাকার প্রকল্পও অচল
অজিত দাস
সোনাই : কাছাড় জেলার সোনাই বিধানসভার গোবীন্দপুর তৃতীয় খন্ডে প্রায় পাঁচ শতাধিক পরিবার গত ১৫ বছর ধরে বিশুদ্ধ জলের তীব্র সংকটে ভুগছে। এলাকায় পিএইচইর একটি জল সরবরাহ প্রকল্প থাকলেও তা কার্যত অচল অবস্থায় পড়ে আছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোনাই বিধানসভার অন্তর্গত পূর্ব গোবীন্দপুর তৃতীয় খন্ড ফেরিঘাট পয়েন্টে অবস্থিত এই জল প্রকল্পটি গত দশ থেকে পনেরো বছর ধরে অকেজো অবস্থায় রয়েছে। ২০২২ সালে ‘জল জীবন মিশন’ প্রকল্পের আওতায় এর সংস্কার ও ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রায় ১ কোটি ১৪ লক্ষ টাকা বরাদ্দ করা হয়। ঠিকাদারকে সংস্কারের দায়িত্ব দেওয়া হলেও বরাদ্দের প্রায় চার বছর অতিক্রান্ত হলেও কাজ এখনও সম্পূর্ণ হয়নি।
গ্রামের স্থানীয় বাসিন্দা মিজাজুর রহমান লস্কর সাংবাদিকদের জানান, “নিয়মরক্ষার মতো সামান্য কাজ করেই ঠিকাদার বরাদ্দ অর্থ হাপিশ করেছেন। অনেক ত্রুটি ধরা পড়লেও বিভাগীয় কর্মকর্তাদের সহযোগিতায় ব্যাপক দুর্নীতি ঘটেছে। এখনও বহু কাজ অসম্পূর্ণ পড়ে রয়েছে।”
ফলে প্রকল্প থাকলেও পাঁচ শতাধিক পরিবারের ভাগ্যে পিএইচইর বিশুদ্ধ জল জোটেনি। এ নিয়ে এলাকাবাসীর ক্ষোভ চরমে পৌঁছেছে। বহুবার অভিযোগ জানিয়েও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের। গ্রামের জনগণ প্রশ্ন তুলেছেন, “বরাদ্দকৃত কোটি টাকার বেশি অর্থ কোথায় গেল?” তারা মুখ্যমন্ত্রী ও দুর্নীতি নিবারক শাখার কাছে সঠিক তদন্তের দাবি জানিয়েছেন।



