১ এপ্রিল থেকে বাড়ছে চা বাগান শ্রমিকদের মজুরি, মুখ্যমন্ত্রীর বৈঠকে সিদ্ধান্ত
অজিত দাস
শিলচর : মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা-র আহ্বানে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর কার্যালয়ে চা শ্রমিকদের বিভিন্ন দাবি ও সমস্যাকে কেন্দ্র করে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে অংশগ্রহণ করেন ভারতীয় চা মজদুর সংঘের বরাক উপত্যকা শাখার সাধারণ সম্পাদক কাঞ্চন সিং সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধি, চা বাগান মালিক পক্ষ এবং সরকারের একাধিক দপ্তরের মন্ত্রীরা।বৈঠকে রাজ্যের চা শ্রমিকদের স্বার্থে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
জানানো হয়, আগামী এপ্রিল মাসের ১ তারিখ থেকে বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার চা বাগান শ্রমিকদের দৈনিক মজুরি ৩০ টাকা করে বৃদ্ধি করা হবে।এছাড়াও দীর্ঘদিন ধরে বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার চা শ্রমিকদের মজুরির ক্ষেত্রে যে ২২ টাকার ব্যবধান রয়েছে, সেই বৈষম্য খুব শীঘ্রই দূর করার আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী।
বৈঠকে আরও জানানো হয়, চা বাগান শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে তাদের ছেলে মেয়েদের শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং পুষ্টিকর খাদ্যসহ বিভিন্ন সামাজিক ও কল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও শ্রমিকদের কল্যাণে একাধিক সরকারি প্রকল্প চালু করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।এদিকে, বর্তমান সরকারের আমলে চা বাগানের শ্রমিকরা আগামী দিনে আরও উপকৃত হবেন বলে আশাবাদ ব্যক্ত করে সরকারকে ধন্যবাদ জানিয়েছেন ভারতীয় চা মজদুর সংঘের বরাক উপত্যকা শাখার সাধারণ সম্পাদক কাঞ্চন সিং।



