চলমান নালা নির্মাণসহ সরকারি প্রকল্প দ্রুত শেষ করার কড়া নির্দেশ
অজিত দাস
শিলচর : শহরের পরিকাঠামো উন্নয়নে গতি আনতে জেলা পূর্ত বিভাগে এক গুরুত্বপূর্ণ রিভিউ মিটিং করলেন বিধায়ক দিপায়ণ চক্রবর্তী। বৈঠকে শহরে চলমান নালা নির্মাণ ও সংস্কার কাজসহ বিভিন্ন সরকারি প্রকল্পের অগ্রগতি বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়।
বিধায়ক স্পষ্ট ভাষায় জানান, নির্ধারিত সময়সীমার মধ্যেই সব প্রকল্পের কাজ সম্পূর্ণ করতে হবে। কাজে কোনও ধরনের গাফিলতি, নিম্নমানের নির্মাণ বা অযথা বিলম্ব কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলে কড়া বার্তা দেন তিনি।
বিশেষ করে আসন্ন বর্ষার কথা মাথায় রেখে নালা নির্মাণ ও সংস্কারের কাজ দ্রুত সম্পন্ন করার ওপর জোর দেন বিধায়ক, যাতে শহরবাসী জলজট ও দুর্ভোগের শিকার না হন। তিনি জানান, জনস্বার্থে নেওয়া প্রতিটি প্রকল্পের বাস্তবায়নে গুণগত মান ও স্বচ্ছতা বজায় রাখা অত্যন্ত জরুরি।
সভায় উপস্থিত সংশ্লিষ্ট আধিকারিকদের দায়িত্বশীলভাবে কাজ করার নির্দেশ দেওয়ার পাশাপাশি প্রকল্পগুলির ওপর নিয়মিত নজরদারির কথাও জানান বিধায়ক দিপায়ণ চক্রবর্তী। জনসাধারণের সুবিধা নিশ্চিত করতেই এই রিভিউ মিটিং আয়োজন করা হয়েছে বলে তিনি জানান।
Promotional | North East Integration Rally



