ধনবাদে প্রবাসী বাঙালিদের উদ্যোগে দোল উৎসবের আয়োজন

2 - মিনিট |

অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল বাঙালি সমাজের ঐতিহ্যবাহী দোল উৎসবকে সাংস্কৃতিক রূপে উপস্থাপন করা এবং নতুন প্রজন্মের কাছে এর গুরুত্ব পৌঁছে দেওয়া

কে আর সি টাইমস ডেস্ক

চন্দন পাল

ধানবাদ : রবিবার রাজেন্দ্র সরোবর পার্ক, বেকার বাঁধ প্রাঙ্গণে প্রবাসী বাঙালিদের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দোল উৎসব উদ্‌যাপিত হয়েছে। অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল বাঙালি সমাজের ঐতিহ্যবাহী দোল উৎসবকে সাংস্কৃতিক রূপে উপস্থাপন করা এবং নতুন প্রজন্মের কাছে এর গুরুত্ব পৌঁছে দেওয়া।

আয়োজক আরতি সাহা জানান, শান্তিনিকেতন-এর দোল উৎসব বিশ্বজুড়ে সুপরিচিত। সেই অনুপ্রেরণা থেকেই প্রবাসী বাঙালিরা গত আট বছর ধরে ধনবাদ, ঝাড়খণ্ড-এ এই সাংস্কৃতিক উৎসব পালন করে আসছেন, যাতে পশ্চিমবঙ্গের বাইরেও বাঙালি সংস্কৃতি ও উৎসবের ধারাবাহিকতা বজায় থাকে।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, নৃত্যবিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিল্পীরা বসন্ত-ভিত্তিক রবীন্দ্রনৃত্য ও সংগীত পরিবেশন করেন। শিশুদের ফুল ও হার্বাল আবির দিয়ে অতিথি বরণ অনুষ্ঠানে প্রাণসঞ্চার করে।

জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় পাঁচ শতাধিক নারী, পুরুষ ও শিশু এই উৎসবে অংশ নেন। হলুদ পোশাক, পলাশ ফুলের সাজসজ্জা এবং আবিরের রঙে চারদিক বসন্তের আবহে রঙিন হয়ে ওঠে।

অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রের বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি লাকি ড্রের আয়োজন করা হয় এবং নির্বাচিত অংশগ্রহণকারীদের সম্মানিত করা হয়।

শেষে কুশন সেনগুপ্তের লাইভ পরিবেশনায় “রাঙিয়ে দিয়ে যাও” রবীন্দ্রসংগীতে সমবেত নৃত্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। বসন্তের রঙ, সুর ও মিলনের এই আয়োজন সেদিন ধনবাদে এক অনন্য সাংস্কৃতিক পরিবেশ সৃষ্টি করে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *