নারী নিরাপত্তা ও মাদক-অশ্লীলতা বিরোধী আন্দোলনের ডাক

2 - মিনিট |

শিলচরে এআইএমএসএস-এর উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর | আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শিলচরে নারী নিরাপত্তা সুনিশ্চিত করা এবং সমাজ থেকে মাদক ও অশ্লীলতা নির্মূলের দাবিতে সোচ্চার হলো অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন (AIMSS)। রবিবার শহরের মধ্যশহর সাংস্কৃতিক সংগঠনের প্রেক্ষাগৃহে সংগঠনের কাছাড় জেলা কমিটির উদ্যোগে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। কর্মসূচি শেষে এক প্রতিবাদী মিছিল শহরের প্রধান সড়কগুলো পরিক্রমা করে।

এদিনের সভার মূল প্রতিপাদ্য ছিল বর্তমান সমাজে নারীর বিপন্নতা এবং এর প্রতিকারে সামাজিক আন্দোলনের প্রয়োজনীয়তা। সংগঠনের জেলা সম্পাদিকা তথা অসম রাজ্য কমিটির সহ-সভাপতি দুলালী গাঙ্গুলী, ডা. কস্তুরী হোম চৌধুরী, সুকল্পা দত্ত এবং ডা. সুনীতা চক্রবর্তী প্রমুখ আলোচনায় অংশগ্রহণ করেন।

বক্তারা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, “আজকের দিনে নারী নিরাপত্তা এক চরম সংকটের সম্মুখীন। ঘরে কিংবা বাইরে—কোথাও নারীরা নিরাপদ নন। সমাজজুড়ে মাদকদ্রব্যের অবাধ বিস্তার এবং অশ্লীল সংস্কৃতির দাপট নারী নিগ্রহের ঘটনাকে প্রতিনিয়ত ত্বরান্বিত করছে।”

নেতৃবৃন্দ স্পষ্ট ভাষায় জানান, নারী দিবসকে কেবল আনুষ্ঠানিকতার মোড়কে বন্দি রাখলে চলবে না। অধিকার রক্ষা এবং সুস্থ সমাজ গঠনের লড়াইকে আরও তীব্রতর করতে হবে। বিশেষ করে, যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে এবং নারীর মর্যাদা অক্ষুণ্ণ রাখতে প্রশাসনকে মাদক ও ড্রাগস ব্যবসার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তাঁরা। সভাটি যৌথভাবে পরিচালনা করেন রেখা ভট্টাচার্য, অনিমা বর্মন এবং মায়া বাগতি।

সাংস্কৃতিক পর্বের সূচনা হয় শ্রাবন্তী হোম চৌধুরীর উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে। এরপর আয়োজিত মিছিলে সংগঠনের কর্মী ও সাধারণ মহিলারা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মিছিল থেকে ‘নারী সুরক্ষা সুনিশ্চিত করো’, ‘মদ-ড্রাগস-অশ্লীলতা বন্ধ করো’ এবং ‘নারীর ওপর হিংসা রুখে দাঁড়াও’—এই স্লোগানগুলোতে রাজপথ মুখরিত হয়ে ওঠে। সংগঠনের জেলা নেতৃত্বের পক্ষ থেকে ঘোষণা করা হয় যে, নারীদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার এই সংগ্রাম আগামী দিনেও অব্যাহত থাকবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news