দোষীদের শাস্তির দাবি
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর : পয়লাপুল চৌমাথায় ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মূর্তি ভাঙচুরের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভ ব্যক্ত করেছে এসইউসিআই (কমিউনিস্ট)। বুধবার এক প্রেস বিবৃতির মাধ্যমে এই ঘটনার কড়া নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতারের দাবি তুলেছে সংগঠনটি।
এসইউসিআই-র রাজ্য সম্পাদক তথা কেন্দ্রীয় কমিটির সদস্য চন্দ্রলেখা দাস এক বিবৃতিতে জানান, যেভাবে জেসিবি দিয়ে দেশের প্রথম প্রধানমন্ত্রীর মূর্তি গুঁড়িয়ে দেওয়া হয়েছে, তা অত্যন্ত উদ্বেগজনক ও অনভিপ্রেত। তাঁর মতে, সাম্প্রতিক সময়ে দেশজুড়ে রাজনৈতিক মতপার্থক্যকে কেন্দ্র করে জাতীয় নেতাদের অবমাননা করার এক কুরুচিকর ও জঘন্য সংস্কৃতি মাথাচাড়া দিয়ে উঠেছে। এই ধরনের কর্মকাণ্ড কেবল অসহিষ্ণুতার পরিচায়কই নয়, বরং তা সুস্থ গণতান্ত্রিক পরিবেশের জন্য এক বড় হুমকি।
ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে এসইউসিআই-র পক্ষ থেকে বলা হয়েছে, প্রশাসনকে অবিলম্বে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত করতে হবে। নেপথ্যে থাকা প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে; অন্যথায় এ জাতীয় সমাজবিরোধী কার্যকলাপ ভবিষ্যতে আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।
বিবৃতিতে চন্দ্রলেখা দাস আরও উল্লেখ করেন যে, এই ধরনের উস্কানিমূলক ঘটনার প্রেক্ষিতে সাধারণ মানুষের মধ্যে জনরোষ সৃষ্টি হওয়া স্বাভাবিক। তবে তিনি বৃহত্তর স্বার্থে সর্বস্তরের জনগণকে শান্তি ও সংযম বজায় রাখার অনুরোধ জানিয়েছেন। একইসঙ্গে, এই অন্যায়ের বিরুদ্ধে সাধারণ মানুষকে গণতান্ত্রিক উপায়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।



