ফলন কমছে দার্জিলিঙের কমলালেবুর

2 - মিনিট |

দার্জিলিঙের কমলালেবুর ফলন বাড়াতে উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের তরফে প্রকল্পের দায়িত্ব দেওয়া হয়েছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়কে

কে আর সি টাইমস ডেস্ক

ফলন কমছে দার্জিলিঙের কমলালেবুর৷ ফলন বাড়াতে উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের তরফে প্রকল্পের দায়িত্ব দেওয়া হয়েছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়কে ৷

এবছর দার্জিলিংয়ের কমলালেবুর ফলন কমেছে অনেকটাই। ফলে চিন্তার ভাঁজ বাগান মালিকদের। এই সুযোগে বাজার দখল করছে নাসিকের কমলালেবু। শীতের দুপুর । গায়ে মিঠে রোদের তাপ। সঙ্গে কমলা লেবুর স্বাদ। না। এবার হয়তো দার্জিলিঙের কমলালেবুর স্বাদ থেকে কিছুটা বঞ্চিত হতে চলেছে আম বাঙালি । কারণ, দার্জিলিংঙের কমলালেবুর জোগান এবারে অনেকটাই কম। বিজনবাড়ি এলাকায় একাধিক কমলালেবুর বাগান রয়েছে। গাছ রয়েছে। কিন্তু ফলন নেই। ফলন যে কম তা লেবু গাছের দিকে তাকালেই বোঝা যায়।

গত বছর এলাকার ফলন বিক্রি হয়েছিল ৩ লক্ষ টাকায়। এবারে সেই অঙ্ক কমে দাঁড়িয়েছে ১ লক্ষের কাছাকাছি । বিজনবাড়ির ব্যবসায়ীরা জানিয়েছেন, গত কয়েকবছর যেখানে ট্রাক প্রতি প্রায় ৪০ হাজার কমলালেবু রফতানি হত। এবারে ছোট পিক আপ ভ্যানে রফতানি হচ্ছে ২৫ হাজার কমলালেবু। ফলন কমের জন্য দুষণকেই দায়ী করছেন ব্যবসায়ীরা। বিজনবাড়ির কমলালেবু শিলিগুড়ি হয়ে পৌঁছয় কলকাতায় । সেখান থেকে শহরতলী । কিন্তু, এবারে দার্জিলিংয়ের ফলন কম থাকায় বাজার দখল করেছে নাসিকের কমলালেবু। ফলন কম । দাম মিলছে না। লাভের দেখাও নেই। তাই বাধ্য হয়েই কমলালেবুর বিকল্প হিসেবে এলাচ কিংবা বিভিন্ন মটর চাষের দিকে পা বাড়াচ্ছেন বাগান মালিকরা।

বাগান মালিকরা জানান, ২০১২ সালে ভূমিকম্পে বহু কমলার বাগান ক্ষতিগ্রস্ত হয় । সেইসব বাগানে বন্ধ হয়ে যায় কমলার চাষ । চাষিদের অভিযোগ, সরকারি তরফে সেই বাগানগুলোতে ফের কমলার চাষ শুরুর কোনও উদ্যোগ নেওয়া হয়নি ।

প্রধানমন্ত্রী গ্রামীন সড়ক যোজনায় তৈরি হয়েছে ঝকঝকে রাস্তা । বেড়েছে গ্রাম থেকে শহরে যাতায়াত । কিন্তু পাশাপাশি যানবাহন বেশি চলায় ধুলোতে ক্ষতিগ্রস্থ হচ্ছে কমলা গাছ । চাষিদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁরা গাছ পরিচর্যার প্রশিক্ষণ দাবি তুললেও রাজ্য সরকার ও জিটিএ কেউই এব্যাপারে কোনও উদ্যোগ গ্রহণ করেনি । ফলে পুরানো পদ্ধতিতেই পরিচর্যা চলছে গাছে র। ফলে কমছে কমলার গুণগত মান ।

ফলন বারবার জন্য চলতি বছর থেকে কাজ শুরু করেছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় ৷ রোগ পোকার আক্রমণ, আবহাওয়ার পরিবর্তন ও ভাইরাসের দাপটে দার্জিলিঙের কমলালেবুর গুণগত মান কমছে ৷ এছাড়া বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ না করা এবং নতুন গাছ রোপণ না করার জন্ও ফলন কমছে বলে জানিয়েছেন কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক থেকে শুরু করে উদ্যানপালন আধিকারিক ও পাহাড়ের কমলালেবু বিশেষজ্ঞরা ৷

উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের কালিম্পং ক্যাম্পাসের অধ্যাপক ডঃ শরদ গুরুং বলেন, ‘স্বাদে ও গন্ধে বিশ্ব সেরা দার্জিলিং কমলালেবু । কিন্তু তার ফলন ও মান দিন দিন কমছে ৷ সমস্যা মেটাতে উদ্যোগ নেওয়া হয়েছে । কেন্দ্রের তরফে এনিয়ে একটি প্রকল্প দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়কে ৷ এবছর থেকেই প্রকল্পের কাজ শুরু হয়ে যাচ্ছে ৷ এই প্রকল্পে পাহাড়ের কমলালেবু চাষিদের প্রশিক্ষণ দেওয়া হবে ৷ প্রতিটি ব্যাচে ৫০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে ৷ বৈজ্ঞানিক পদ্ধতিতে বীজ থেকে চারা তৈরি ও গাছের রক্ষণাবেক্ষণ, পরিচর্যা সবকিছুই এই প্রকল্পে শেখানো হবে ৷’ এ বছর থেকেই এই প্রকল্পের কাজ শুরু হয়ে যাবে বলে জানান ডঃ গুরুং । তাঁর আশা, আগামী দু’এক বছরের মধ্যেই আবার আগের জায়গা ফিরে পাবে দার্জিলিংয়ের কমলালেবু।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news