প্রাণনাশের আশঙ্কায় পুলিশের শরণাপন্ন চার বোন
অজিত দাস
শিলচর : শিলচর শহরতলির বেরেঙ্গা তৃতীয় খণ্ড এলাকার চার বোন তাঁদের পৈতৃক ভিটা রক্ষায় পুলিশের দ্বারস্থ হয়েছেন। অভিযোগ, একাধিক ব্যক্তি মিথ্যা উত্তরাধিকারীর পরিচয় তুলে জমি দখলের ষড়যন্ত্রে লিপ্ত এবং তাঁদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। আজ শিলচরে এক সাংবাদিক সম্মেলনে অভিযোগকারীদের মধ্যে অন্যতম সেলি বেগম চৌধুরী জানান, তাঁদের বাবা স্বর্গীয় ইমতিয়াজ আলী চৌধুরী প্রায় ৩০ বছর আগে উক্ত জমি ক্রয় করেন এবং জীবদ্দশায় চার কন্যার নামে নামজারী করে দিয়ে যান।
সেই সময় থেকেই তাঁরা ঐ জমিতে স্থায়ীভাবে বসবাস করছেন। সেলি বেগম জানান, তাঁদের দুই ভাই ইতিমধ্যে প্রয়াত। ছোট ভাই অবিবাহিত অবস্থায় মৃত্যুবরণ করেন এবং তাঁর কোনো উত্তরসূরি নেই। তবে সম্প্রতি কয়েকজন ব্যক্তি এক অচেনা কিশোরকে নিয়ে এসে দাবি করছেন, সে তাঁদের মৃত ভাইয়ের পুত্র এবং জমির অংশীদার। ওই কিশোরের কাছ থেকে তাঁরা জমি ক্রয় করেছেন বলেও দাবি তুলেছেন অভিযুক্তরা।
সেলি বেগম বিস্ময় প্রকাশ করে বলেন, “আমাদের ভাই বিয়েই করেননি। তাহলে তাঁর সন্তান কোথা থেকে এলো? এটা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন দাবি।” চার বোনের অভিযোগ, ইমরান হোসেন লস্কর, বাপ্পু বড়ভূঁইয়া ও শারিমুল চৌধুরী নামক তিন ব্যক্তি দীর্ঘদিন ধরে তাঁদের হুমকি দিয়ে আসছেন এবং ভিটা ছেড়ে দিতে চাপ সৃষ্টি করছেন। এই জমিই আমাদের একমাত্র সম্বল। এখান থেকে উচ্ছেদ হলে আমাদের আর মাথা গোঁজার ঠাঁই থাকবে না,”— কান্নাজড়িত কণ্ঠে বলেন সেলি বেগম।
পরিস্থিতির গুরুতরতা বিবেচনা করে চার বোন প্রথমে কাছাড় জেলার পুলিশ সুপারের দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন। পরে তাঁরা শিলচর সদর থানায় একটি এফআইআরও করেন। তাঁদের আবেদন, প্রশাসন যেন দ্রুত হস্তক্ষেপ করে পৈতৃক সম্পত্তি রক্ষা ও তাঁদের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য।
Promotional | Subscribe KRC TIMES e-copy



