শিলকুড়ি বরম বাবা জিপিতে বালু মাফিয়া সাদ্দাম হোসেনের তাণ্ডব

2 - মিনিট |

নদীর জল দূষিত, গ্রামবাসীদের জীবন বিপন্ন

অজিত দাস

শিলকুড়ি : কাছাড় জেলার শিলকুড়ি বরম বাবা গ্রাম পঞ্চায়েত এলাকায় বালু মাফিয়া সাদ্দাম হোসেনের অবৈধ বালু ব্যবসা ঘিরে চরম অস্থিরতা তৈরি হয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, সাদ্দাম নদীর চারটি স্থানে অবৈধভাবে বাঁধ নির্মাণ করে বালু তোলার কাজ চালাচ্ছে। এর ফলে নদীর জল মারাত্মকভাবে দূষিত হয়ে পড়েছে এবং স্থানীয়দের দৈনন্দিন জীবনযাত্রা বিপন্ন হয়ে উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাদ্দামের বালু কারখানা থেকে নির্গত ময়লা জল নদীতে মিশে যাওয়ায় পানির গুণমান মারাত্মকভাবে নষ্ট হয়েছে। প্রায় দশ হাজার মানুষ প্রতিদিন এই নদীর জল পানীয়, রান্না ও অন্যান্য কাজে ব্যবহার করেন। কিন্তু অবৈধ বালু উত্তোলনের ফলে জল দূষণ বেড়ে যাওয়ায় তাদের স্বাস্থ্য ঝুঁকি ক্রমেই বাড়ছে। এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই দূষিত জল খেয়ে আমাদের পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে পড়ছেন, অথচ প্রশাসন নিরব দর্শকের ভূমিকা নিচ্ছে।”

অভিযোগ রয়েছে, সাদ্দামের কারখানার সামনেই একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র অবস্থিত। সকাল থেকেই সেখানে ট্রাক ও ডাম্পারসহ ভারী যানবাহনের যাতায়াত শুরু হয়ে যায়, ফলে ছোট শিশুদের স্কুলে যাতায়াতে ব্যাপক সমস্যা তৈরি হচ্ছে। রাতের বেলায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে—প্রায় ৪০ থেকে ৫০টি বাইক নিয়ে যুবকদের অবৈধ আড্ডা জমে কারখানার সামনে, যা গ্রামবাসীদের নিরাপত্তার জন্য বড় উদ্বেগের কারণ। এক গ্রামবাসী বলেন, “রাত হলে ওই এলাকায় মহিলাদের বের হওয়া একপ্রকার অসম্ভব হয়ে পড়ে।”

স্থানীয় জনগণ প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন। তারা জেলা প্রশাসন ও পরিবেশ দপ্তরে লিখিত অভিযোগও দায়ের করেছেন। কিন্তু এখনো পর্যন্ত কোনো ধরণের ব্যবস্থা নেওয়া হয়নি। এর ফলে এলাকায় ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। গ্রামবাসীদের দাবি—অবৈধ বালু ব্যবসা ও দূষণ বন্ধ করে শিলকুড়ি বরম বাবা অঞ্চলের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনকে অবিলম্বে কার্যকর ভূমিকা নিতে হবে।

Promotional | North East Integration Rally

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news