হাসপাতাল ধ্বংসের এই পরিস্থিতির জন্য সাংসদ স্থানীয় প্রশাসনকেই দায়ী করেছেন
অজিত দাস
শিলচর : সাংসদ সুস্মিতা দেবের নেতৃত্বে কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল শনিবার শিলচরের ঐতিহ্যবাহী রেডক্রস শিশু হাসপাতাল পরিদর্শন করে হাসপাতালের সামগ্রিক পরিস্থিতি সরজমিনে পর্যালোচনা করে। অভিযোগ, হাসপাতালের কর্মীরা দীর্ঘদিন ধরে বেতনবঞ্চিত, রোগীরা পাচ্ছেন না পর্যাপ্ত চিকিৎসা, এমনকি চিকিৎসকের অভাবে বহু রোগীকে ফিরে যেতে হচ্ছে। এসব অভিযোগের ভিত্তিতেই তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল শনিবার হাসপাতালটি পরিদর্শন করে।
উল্লেখ্য, গত আগস্ট মাসে আসামের রাজ্যপাল এই রেডক্রস শিশু হাসপাতাল পরিদর্শন করে বৃক্ষরোপণ কর্মসূচি এবং রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন। তবে বর্তমান পরিস্থিতি দেখে সাংসদ সুস্মিতা দেব গভীর উদ্বেগ প্রকাশ করেন।
সুস্মিতা দেব জানান, গোটা বিষয়টি নিয়ে তিনি আসামের রাজ্যপাল এবং প্রয়োজনে দেশের রাষ্ট্রপতিকে চিঠি লেখবেন। তাঁর অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় রেডক্রস হাসপাতালটি ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে, অথচ গত পাঁচ বছরে জেলা প্রশাসন একটি নির্বাচনও আয়োজন করতে পারেনি।
বর্তমানে হাসপাতালের একাধিক কক্ষে তালা ঝুলছে, চিকিৎসা পরিষেবা কার্যত বন্ধ। হাসপাতাল ধ্বংসের এই পরিস্থিতির জন্য সাংসদ স্থানীয় প্রশাসনকেই দায়ী করেছেন।
Promotional | North East Integration Rally



