সংগঠনের কর্মকর্তারা শিলচর জনস্বাস্থ্য কারিগরি সংমণ্ডল-১ এবং সংমণ্ডল-২ এর দপ্তরের সামনে পৃথকভাবে এক ঘণ্টা করে এই ধর্না কর্মসূচি পালন করেন
অজিত দাস
শিলচর : শিলচরে জল জীবন মিশনের বকেয়া বিল পরিশোধের দাবিতে বরাক ভ্যালি জনস্বাস্থ্য কারিগরি ঠিকাদার সংস্থার ধর্না।বরাক ভ্যালি জনস্বাস্থ্য কারিগরি ঠিকাদার সংস্থা বুধবার জল জীবন মিশনের বকেয়া বিল পরিশোধের দাবিতে শিলচরে ধর্না কর্মসূচি পালন করে। সংগঠনের কর্মকর্তারা শিলচর জনস্বাস্থ্য কারিগরি সংমণ্ডল-১ এবং সংমণ্ডল-২ এর দপ্তরের সামনে পৃথকভাবে এক ঘণ্টা করে এই ধর্না কর্মসূচি পালন করেন।
ধর্নার সময় সংস্থার সভাপতি প্রণব কুমার রায়, কার্যনির্বাহী সভাপতি জুনাইদ আহমেদ মজুমদার এবং সম্পাদক পান্না আচার্য সাংবাদিকদের জানান যে, গত ২৩ মাস ধরে জল জীবন মিশনের অধীনে সম্পন্ন করা কাজের জন্য সরকার কোনো অর্থ প্রদান করেনি। বহু বিল এখনো আপলোড হয়নি এবং বহু কাজ অনুমোদিত হলেও তার অর্থ এখনও মেলেনি। এর ফলে সংশ্লিষ্ট ঠিকাদাররা তীব্র আর্থিক সংকটে পড়েছেন। অনেক ঠিকাদার ব্যাংক থেকে নেওয়া ঋণও শোধ করতে পারছেন না। তাই দ্রুত বকেয়া বিল পরিশোধের দাবি জানান তারা ।
আজকের ধর্না কর্মসূচি শেষে শিলচর জনস্বাস্থ্য কারিগরি সংমণ্ডল-১ এবং সংমণ্ডল-২ এর কার্য্যনির্বাহী বাস্তুকারের মাধ্যমে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মাকে স্মারকলিপি প্রদান করে ঠিকাদারদের বকেয়া বিল মেটানোর দাবি জানানো হয়। পাশাপাশি সংগঠন জানায়, আগামী ২ সেপ্টেম্বর গুয়াহাটিতে কেন্দ্রীয়ভাবে অনশন কর্মসূচি পালন করা হবে ।
উল্লেখযোগ্য যে, শিলচর জনস্বাস্থ্য কারিগরি সংমণ্ডল-১ ও সংমণ্ডল-২ এর আওতায় জল জীবন মিশনের ঠিকাদারদের প্রায় ১০০ কোটি টাকার বকেয়া বিল এখনো পরিশোধ করা হয়নি।
Promotional | North East Integration Rally


