নাম্বারবিহীন গাড়ি ও হেলমেটবিহীন বাইকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা
অজিত দাস
শিলচর : শিলচরে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান : নাম্বারবিহীন গাড়ি ও হেলমেটবিহীন বাইকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা ।শহরে যান চলাচলে শৃঙ্খলা বজায় রাখা ও দুর্ঘটনা রোধের উদ্দেশ্যে সোমবার দিনভর শিলচর ট্রাফিক বিভাগ পরিচালনা করে বিশেষ অভিযান।
এই অভিযানে মূলত নাম্বারবিহীন গাড়ি, কালো কাচ (ব্ল্যাক পেপার) লাগানো চারচাকা এবং হেলমেট ছাড়া চলাচলকারী দুইচাকার যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও ব্যস্ততম রাস্তায় ট্রাফিক পুলিশের একাধিক টিম অবস্থান নিয়ে তল্লাশি চালায়।
অভিযান চলাকালীন অসংখ্য হেলমেটবিহীন বাইক আরোহীকে আটক করে তাৎক্ষণিকভাবে জরিমানা করা হয়। একইসঙ্গে কালো কাচ লাগানো ও নাম্বারবিহীন গাড়ি বাজেয়াপ্ত করে ট্রাফিক বিভাগ।ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে, যানবাহন নিয়ম না মানার ফলে প্রতিনিয়ত দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। বিশেষ করে হেলমেট ব্যবহার না করা দুইচাকার চালক ও আরোহীরাই সবচেয়ে বেশি ঝুঁকির মুখে পড়ছেন। তাই মানুষের প্রাণ রক্ষায় এ ধরনের অভিযান চালানো অত্যন্ত জরুরি।
ট্রাফিক বিভাগের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে। একইসঙ্গে সড়ক নিরাপত্তা নিয়ে সচেতন হতে এবং নিয়ম মেনে চলার জন্য জনগণকে আহ্বান জানানো হয়েছে।
Promotional | North East Integration Rally


