অবসাদ ও সামাজিক দুর্ঘটনার কবল থেকে শিশুদের বাঁচার শিক্ষা প্রাথমিক স্তর থেকেই শুরু করে দেওয়া উচিত
কে আর সি টাইমস ডেস্ক
অবসাদ বর্তমানে এক মারণব্যাধি হয়ে দাঁড়িয়েছে জনসাধারণের কাছে। ছোট থেকে বড় সব স্তরের মানুষই স্বীকার হচ্ছে ব্যাধির। বিভিন্ন রিসার্চ এই অবসাদের কারণ হিসেবে দেখিয়েছে সোশ্যাল মিডিয়ার অত্যাধিক ব্যবহার এবং অনুপরিবার। বিশেষ করে যুব সমাজের মধ্যে এই ব্যাধি বেশি পরিমানে দেখা যায়। বহু মানুষই অবসাদের স্বীকার হয়ে কোনও পথ না পেয়ে শেষমেশ আত্মহত্যার পথই শ্রেয় বলে মনে করে । পাশাপাশি মানুষের অসচেতনতা জন্য দুর্ঘটনাও ঘটছে বিপুল পরিমাণে। কয়েকদিন আগেও ব্লু হোয়েল গেমের কারণে শিশু মৃতুয়্র সংখ্যা মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে জনসাধারণের কাছে।
অবসাদ দূর করতে শিশুদের ছোট বয়স থেকেই এই বিষয়ে সচেতন করা হোক সেই বিষয়ে রাজ্যসভায় আবেদন বিজেপি সাংসদ রবীন্দ্র কিশোর সিনহার। প্রাথমিক স্কুলগুলির এই বিষয়ে শিশুদের সচেতন করা উচিত বলেও জানিয়েছেন তিনি।
সোমবার জিরো আওয়ারে রবীন্দ্র কিশোর সিনহা জানিয়েছেন, দেশের বিভিন্নপ্রান্তের সংবাদপত্রে বাচ্চাদের অসচেতনতার সংবাদ ভর্তি থাকে। এমন খুব কম দিন বাদ যায় যে বাচ্চাদের জলে ডুবে, বিষ খেয়ে, আগুনে পুড়ে, জন্তু জানোয়ারের কামড়ে আর সড়ক দুর্ঘটনায় মৃত্যু খবর ছাপা হয় না। প্রতিদিনই এই ধরনের সংবাদ সংবাদপত্রে ছাপা হয়। অন্যদিকে প্রতিযোগিতামূলক পরিস্থিতিতে পড়ুয়ারা দিন দিন অবসাদের মধ্যে দিয়ে যাচ্ছে। যার ফলে পরিবারের লোকেরা পড়ুয়াদের নিয়ে নানারকম সমস্যায় পড়ছে। সেইজন্য ‘সেলফ কেয়ার এণ্ড প্রটেকশন মডিউল’-কে প্রাথমিক এবং মাধ্যমিক স্তরের পাঠ্যসূচীতে অন্তভুক্ত করার প্রস্তাব দেন তিনি। এই মডিউলের মাধ্যমে প্রতিকূল পরিস্থিতি এবং প্রাকৃতিক বিপর্যয় থেকে নিজেকে কি করে বাঁচাবে তা শিখতে পারবে।


