চিফ ইঞ্জিনিয়ার রিম্প দোরজি লেপচা এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং প্রতিনিধি দলকে তাঁর দপ্তরের পক্ষ থেকে পূর্ণ সমর্থনের আশ্বাস দেন
কে আর সি টাইমস ডেস্ক
গ্যাংটক। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোর মধ্যে সাংস্কৃতিক মেলবন্ধন ও আঞ্চলিক সংহতি সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে আয়োজিত ‘নর্থ ইস্ট ইন্টিগ্রেশন র্যালি’ (এনইআইআর)-এর একটি প্রতিনিধি দল সিকিমের সংস্কৃতি বিভাগের চিফ ইঞ্জিনিয়ার রিম্প দোরজি লেপচার সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। কেআরসি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশ্বদীপ গুপ্তের নেতৃত্বে প্রতিনিধি দলটি এই সফরের উদ্দেশ্য ও বিভিন্ন কর্মসূচি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

বৈঠকে প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়, উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর মধ্যে সাংস্কৃতিক বিনিময়, সংহতি বৃদ্ধি এবং জনঅংশগ্রহণ নিশ্চিত করাই এই র্যালির মূল লক্ষ্য। চিফ ইঞ্জিনিয়ার রিম্প দোরজি লেপচা এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং প্রতিনিধি দলকে তাঁর দপ্তরের পক্ষ থেকে পূর্ণ সমর্থনের আশ্বাস দেন।
বিশেষ করে, এনইআইআর-এর অন্যতম উদ্ভাবনী অনুষঙ্গ ‘হ্যাম রেডিও’ নিয়ে চিফ ইঞ্জিনিয়ার বিশেষ আগ্রহ প্রকাশ করেন। তিনি একে যোগাযোগ স্থাপন, শিক্ষা এবং জনসচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে একটি শক্তিশালী মাধ্যম হিসেবে অভিহিত করেন। ভবিষ্যতে কেআরসি ফাউন্ডেশনের সঙ্গে যৌথভাবে এই উদ্যোগকে সিকিমে এগিয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা খতিয়ে দেখার বিষয়েও তিনি আশাপ্রকাশ করেন।
চিফ ইঞ্জিনিয়ার আরও জানান, আগামী ৪ ফেব্রুয়ারি গুয়াহাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই র্যালির সমাপ্তি অনুষ্ঠানে সিকিমের সংস্কৃতি বিভাগের পক্ষ থেকে একটি সাংস্কৃতিক দল পাঠানোর বিষয়টিও গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে।
উল্লেখ্য, গত ৪ জানুয়ারি কলকাতা থেকে এই বর্ণাঢ্য র্যালির সূচনা হয়েছে। উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য পরিক্রমা শেষে আগামী ৪ ফেব্রুয়ারি গুয়াহাটিতে এই যাত্রার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে। সচেতন মহলের মতে, এই ধরনের কর্মসূচি উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক ও ভ্রাতৃত্ববোধ বাড়াতে এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে।

Promotional | North East Integration Rally



