দ্রুত বোমাগুলি সরিয়ে নিয়ে যাওয়া হয়। প্রায় ঘন্টাখানেক পরে রেল পরিষেবা স্বাভাবিক হয়।
কে আর সি টাইমস ডেস্ক
সাত-সকালে বোমাতঙ্ক! ব্যস্ত সময়ে ট্রেন চলাচল বিপর্যস্ত হল শিয়ালদহ দক্ষিণ শাখায়। তবে খুব বেশি সময়ের জন্য নয় দুর্ভোগে পড়তে হয়নি যাত্রীদের। বৃহস্পতিবার সকালে শিয়ালদহ দক্ষিণ শাখার বালিগঞ্জ ও পার্কসার্কাস স্টেশনের মাঝে বন্ডেল গেটের কাছে সুতলি বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় জিআরপি-কে।
যে রেললাইনের ধারে বোমা পড়ে থাকতে দেখা যায়, ওই রেললাইনে সাময়িকের জন্য ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। বাকি রেললাইন দিয়ে ধীর গতিতে চলাচল করে ট্রেন। ফলে সকালের ব্যস্ত সময়ে সমস্যায় পড়তে হয় শিয়ালদহ দক্ষিণ শাখার যাত্রীদের। রেল সূত্রের খবর, রেললাইনের ধারে সুতলি বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত বোমাগুলি সরিয়ে নিয়ে যাওয়া হয়। প্রায় ঘন্টাখানেক পরে রেল পরিষেবা স্বাভাবিক হয়।


