১৭দফা দাবির পরিপ্রেক্ষিতে বুধবার কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহের ডাকা ১২ঘন্টার সাধারণ ধর্মঘটের প্রভাব পড়ল গ্রাম কাছাড়েও

2 - মিনিট |

আন্দোলন চলাকালীন বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের শ্রমিক তথা জনবিরোধী নিতীর বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : শ্রম কোড বাতিল করা ও রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বেসরকারী করণ বন্ধ করা সহ ১৭দফা দাবির পরিপ্রেক্ষিতে বুধবার কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহের ডাকা ১২ঘন্টার সাধারণ ধর্মঘটের প্রভাব গ্রাম কাছাড়ের বিভিন্ন এলাকায় পরিলক্ষিত হলেও শহরে এর আংশিক প্রভাব পড়েছে।

শহরতলীর শ্রীকোনো ডেইলি বাজার এলাকায় সারা ভারত কৃষক সভার কর্মকর্তারা বিভিন্ন সরকারি কার্যালয় বন্ধ করে দেওয়ার পাশাপাশি যানবাহন চলাচলে বাধা প্রদান করে,সড়কে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে কেন্দ্র সরকারের উপর তাঁদের দাবি পূরণের জন্য চাঁপ করেন।পরে পুলিশ এসে প্রতিবাদকারীদের সড়ক থেকে সরিয়ে আন্দোলনকে ভেস্তে দেয়।

এদিকে শিলচরের শহিদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে বিভিন্ন শ্রমিক সংগঠনের তরফে সড়ক অবরোধ গড়ে তুললে বিশাল পুলিশ বাহিনী আন্দোলন স্থলে ছুটে গিয়ে প্রতিবাদকারীদের গ্রেফতার করে অস্থায়ী জেলে পাঠিয়ে দেয়।আন্দোলন চলাকালীন বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের শ্রমিক তথা জনবিরোধী নিতীর বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন।

তাঁরা জানান পুঁজিপতিদের কর মুকুব করে মানুষের ঘাড়ে উপর্যুপরি করের বোঝা চাঁপিয়ে দেওয়ায় সাধারণ মানুষের পিঠ আজ দেয়ালে এসে ঠেকেছে। নতুন শ্রম কোডের মাধ্যমে শ্রমিক শোষনের হাতিয়ার সরকার পুঁজিপতিদের হাতে তুলে দিচ্ছে।আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি, মজুরি হ্রাস, বেকারত্ব ইত্যাদি ইত্যাদি নানা সমস্যায় নাজেহাল মানুষ আজ দুর্বিসহ হয়ে উঠেছে।

সরকার মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা সহ বিভিন্ন জন বিরোধী নিতীর মাধ্যমে নজিরবিহীন শাসন ব্যবস্থা কায়েম করেছে। নিজের মৌলিক অধিকার ও সুরক্ষা সুনিশ্চিত করতে বুধবার দেশের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, ফেডারেশন ও কৃষক সংগঠন গুলোর যৌথ আহ্বানে ডাকা ১২ ঘন্টার সাধারণ ধর্মঘটে সকল শ্রমিক ও মেহনতি মানুষের অংশগ্রহণ আন্দোলনকে শক্তিশালী রূপে পরিণত করেছে বলে এদিন দাবি করেছেন প্রতিবাদকারীরা।

সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বুধবারের ডাকা সর্বভারতীয় সাধারণ ধর্মঘট সফল ও সার্থক হওয়ায় প্রত্যেককে ধন্যবাদ জ্ঞাপন করেছেন আয়োজকরা। শীঘ্রই তাঁদের এই ১৭দফা দাবি পূরণ না হলে আগামীতে আন্দোলন আরোও বৃহৎ আকার ধারণ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রতিবাদকারীরা।

5E for Success | Apply for Internship
Know MoreApply Here

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news