১ মার্চ শিলচরে ‘সংগীত চক্র’-এর ৫৬তম বার্ষিক সম্মেলন; চাঁদের হাট বসছে বঙ্গভবনে

2 - মিনিট |

২২ ফেব্রুয়ারি ধীরেন্দ্র লাল নাথ স্মৃতি সংগীত ও তবলা প্রতিযোগিতা

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : বরাক উপত্যকায় শাস্ত্রীয় সংগীতের চর্চা ও প্রসারে অন্যতম পুরোধা সংগঠন ‘সংগীত চক্র, শিলচর’। দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে ঐতিহ্যের ধারাকে অক্ষুণ্ণ রেখে আগামী ১ মার্চ আয়োজিত হতে চলেছে এই সংগঠনের ৫৬তম বার্ষিক সংগীত সম্মেলন। শিলচর বঙ্গভবনে সেদিন বিকেল ৪টে থেকে শুরু হওয়া এই সম্মেলনে অংশ নেবেন জাতীয় স্তরের একঝাঁক প্রথিতযশা ও কিংবদন্তি শিল্পী।

সংগঠন সূত্রে জানা গেছে, এবারের সম্মেলনের প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকছেন মুম্বইয়ের প্রখ্যাত তবলিয়া ঈশান ঘোষ। সুরের জাদুতে দর্শকদের মুগ্ধ করতে কলকাতা থেকে আসছেন বিশিষ্ট সেতার বাদক অঞ্জন সাহা এবং প্রখ্যাত হারমোনিয়াম বাদক পণ্ডিত সনাতন গোস্বামী।

বুধবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগীত চক্রের সভাপতি পণ্ডিত নিলয়কান্তি দত্ত জানান, ১৯৭০ সালে যাত্রারম্ভের পর থেকে নানা চড়াই-উতরাই পেরিয়ে আজ ৫৬ বছরে পদার্পণ করেছে এই সংগঠন। শাস্ত্রীয় সংগীতের বিশুদ্ধতা রক্ষা ও প্রান্তিক এই জনপদে তার প্রচারই তাঁদের মূল লক্ষ্য। এই ঐতিহ্যকে স্মরণীয় করে রাখতে এবারও ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

সম্মেলনের অন্যতম বিশেষ সংযোজন হল— প্রয়াত সভাপতি ধীরেন্দ্র লাল নাথ স্মৃতি সংগীত ও তবলা প্রতিযোগিতা। আগামী ২২ ফেব্রুয়ারি উকিলপট্টিস্থ দেবদান অ্যাকাডেমির মহড়া কক্ষে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার বিজয়ীদের হাতে ১ মার্চের মূল মঞ্চে পুরস্কার তুলে দেওয়া হবে।

অনুষ্ঠানের বিস্তারিত সূচি ব্যাখ্যা করে সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক শ্যামলী কর ভাওয়াল জানান, জাতীয় স্তরের তারকা শিল্পীদের পাশাপাশি স্থানীয় প্রতিভাদের বিকাশেও গুরুত্ব দেওয়া হয়েছে। তবলা সঙ্গতে থাকছেন সভাপতি পণ্ডিত নিলয়কান্তি দত্ত ও স্থানীয় শিল্পী বিপ্লব দে। শ্রীভূমি থেকে আসছেন কত্থক শিল্পী দিব্যজ্যোতি চক্রবর্তী (তবলা সঙ্গতে রাজন ভট্টাচার্য)। এছাড়া পঙ্কজ শীলের পরিচালনায় একটি সমবেত বেহালা বাদন অনুষ্ঠান দর্শকদের জন্য এক বাড়তি পাওনা হতে চলেছে।

সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ওই সন্ধ্যায় উন্মোচিত হবে শংকর প্রসাদ চক্রবর্তী সম্পাদিত সংগঠনের বার্ষিক ‘স্মরণিকা’। সংগীতের প্রসারে বিশেষ অবদান রাখা ব্যক্তিত্বদের সম্মাননা জানানোর রীতি বজায় রেখে এবার প্রয়াত নির্মল দত্তের স্মৃতিতে বিশেষ সম্মাননা প্রদান করা হচ্ছে প্রতিষ্ঠিত ব্যবসায়ী নিতাই প্রসাদ মজুমদারকে। এছাড়াও বরাক উপত্যকার প্রান্তিক ও দুস্থ শিল্পীদের প্রতি সামাজিক ও আর্থিক দায়বদ্ধতা পালনে তাঁদের হাতেও বিশেষ সহায়তা তুলে দেওয়া হবে।

সংগঠনের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘শিলচরের মতো ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন শহরে গত ৫৬ বছর ধরে শাস্ত্রীয় সংগীতের এমন একটি বৃহৎ কর্মযজ্ঞ সচল রাখা সহজসাধ্য নয়। আজ জাতীয় স্তরেও সংগীত চক্র এক নির্ভরযোগ্য নাম। নানা সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা এই সুরের ধারাকে প্রবাহমান রাখতে বদ্ধপরিকর।’

এদিনের সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি প্রবীর ভট্টাচার্য ও প্রশান্ত চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক জয়দীপ নাথ এবং আলপনা ধর প্রমুখ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news