বিশিষ্ট সমাজকর্মী আরতি দাশকেও সংস্থার পক্ষ থেকে বিশেষভাবে সম্মানিত করা হয়
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর: নিজেদের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে বরাক উপত্যকার দুই প্রথিতযশা ব্যক্তিত্বকে বিশেষ ‘গুণীজন সংবর্ধনা’ জ্ঞাপন করল স্বেচ্ছাসেবী সংস্থা ‘সহমর্মী’। বুধবার সংস্থার পদাধিকারীরা বিশিষ্ট সাংবাদিক, কবি ও সমাজচিন্তক অতীন দাশ এবং শিলচর জেলা ক্রীড়া সংস্থার (ডিএসএ) সাধারণ সম্পাদক শিবব্রত দত্তের বাসভবনে উপস্থিত হয়ে তাঁদের হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন।
সংস্থার বিশেষ কর্মসূচির অধীনে প্রতিনিধি দলটি প্রথমে অতীন দাশের বাসভবনে পৌঁছান। সাংবাদিকতা ও সাহিত্যচর্চায় তাঁর দীর্ঘদিনের নিরলস অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে সম্মানিত করার পাশাপাশি তাঁর আশীর্বাদ গ্রহণ করেন সদস্যরা। সংবর্ধনার প্রতিক্রিয়ায় প্রবীণ এই চিন্তাবিদ বলেন, “সমাজের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা ও স্বাস্থ্যের উন্নয়নে যারা কাজ করে যাচ্ছেন, তাঁদের প্রতি আমার সর্বদা শুভকামনা থাকবে।”

একইসঙ্গে তিনি নিষ্ঠার সাথে জনসেবামূলক কাজ এগিয়ে নেওয়ার জন্য সংস্থার তরুণ প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে বিশিষ্ট সমাজকর্মী আরতি দাশকেও সংস্থার পক্ষ থেকে বিশেষভাবে সম্মানিত করা হয়।
এরপর ‘সহমর্মী’-র প্রতিনিধি দল শিলচর ডিএসএ-র সচিব তথা বিশিষ্ট ক্রীড়া সংগঠক শিবব্রত দত্তের তারাপুরস্থিত বাসভবনে উপস্থিত হন। সেখানে তাঁকে সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা জানানো হলে তিনি গভীর সন্তোষ প্রকাশ করেন। শিবব্রত দত্ত বলেন, “আর্তজনের সেবায় ‘সহমর্মী’ যেভাবে ব্রতী হয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। আগামী দিনেও এই সংস্থাটি তাদের মানবিক কাজ অব্যাহত রাখুক। আমার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দেব।”
উল্লেখ্য, ২০২২ সালের সেপ্টেম্বর মাস থেকে বরাক উপত্যকার বিভিন্ন গ্রামীণ ও চা-বাগান এলাকায় আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে ‘সহমর্মী’। শীতবস্ত্র বিতরণ, দুর্গাপূজায় দুস্থদের নতুন বস্ত্র প্রদান এবং মেধাবী অথচ অভাবী পড়ুয়াদের শিক্ষা সহায়তায় সংস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সম্প্রতি সংস্থাটি সরকারি নিবন্ধীকরণের প্রক্রিয়াও সম্পন্ন করেছে।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংস্থার প্রধান সম্পা দাস, হিমাদ্রি অধিকারী, পারমিতা চক্রবর্তী, প্রদীপ বাতি, অপর্ণা পাল, পুনম রবিদাস, নন্দা চক্রবর্তী, জয়িতা দাস, অনুপমা চৌধুরী ও অমিত দাস প্রমুখ।



