আসাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিকৃতি তথা বরাক বাসীকে অপমান করার অভিযোগে অধ্যাপক প্রশান্ত চক্রবর্তীর বিরুদ্ধে মামলা দায়ের করল যৌথভাবে বিডিএফ এবং বিএনএস

2 - মিনিট |

তাঁরা প্রশাসনকে অবিলম্বে এই ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার আবেদন জানিয়েছেন

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : আসাম বিশ্ববিদ্যালয় আসাম চুক্তির ফসল এই ভুল তথ্য প্রচার করার জন্য বিতর্ক তৈরি হবার পরিপ্রেক্ষিতে বরাক বাসীকে ‘ মেরুদন্ডহীন বরাকি বাঙালি ‘ বলে অভিহিত করেছিলেন বাংলা সাহিত্যসভার মুখ্য সম্পাদক প্রশান্ত চক্রবর্তী যার পরিপ্রেক্ষিতে তাকে বরাক বাসীর কাছে ক্ষমা চাইতে হবে বলে দাবি জানিয়েছিল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট।

কিন্তু ঘটনার প্রায় একমাস অতিবাহিত হবার পরও তেমন কোন উদ্যোগ দেখা যায়নি তাঁর তরফে। তাই বরাক তথা রাজ্যের বাঙালিদের অপমান করার অভিযোগে তাঁর বিরুদ্ধে শিলচর সদর থানায় মামলা দায়ের করল বিডিএফ।

পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বিডিএফ মিডিয়া সেলের আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য বলেন যে তাঁরা এতদিন অপেক্ষা করেছেন এই ভেবে যে হয়তো এই অধ্যাপক তাঁর ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নেবেন। কিন্তু যেহেতু তিনি এখনো নির্লিপ্ত তাই বিডিএফ এর পক্ষ থেকে শিলচর সদর থানায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হল।

তিনি বলেন এর আগেও একই অভিযোগে বিডিএফ এর পক্ষ থেকে ব্রহ্মপুত্র উপত্যকার অন্যদের বিরুদ্ধেও এজাহার দেওয়া হয়েছে। তিনি বলেন প্রথমতঃ আসাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাস বিকৃতি এবং দ্বিতীয়ত বরাকের বাঙালিদের ‘ মেরুদন্ডহীন ‘ বলে অপমান করার অভিযোগে এই মামলা দায়ের করা হল। তিনি আশাবাদী যে অনতিবিলম্বে পুলিশ প্রশাসন‌‌‌ এই অধ্যাপকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে বলে এদিন মন্তব্য করেন জয়দীপ।

বিডিএফ এর অপর আহ্বায়ক হৃষীকেশ দে বলেন যে বাংলা সাহিত্যসভার কাছাড় জেলা কমিটিও এই অধ্যাপকের বক্তব্য তাঁর ব্যাক্তিগত মতামত,এর সাথে সংগঠনের সম্পর্ক নেই বলে দায়সারা বক্তব্য দিয়েছে। হৃষীকেশ বলেন বিডিএফ চায়না বরাক উপত্যকার বাঙালিদের মধ্যে কোন বিভাজন বা ভুল বোঝাবুঝি হোক।

তাই তিনি চান যে বাংলা সাহিত্যসভার স্থানীয় কমিটি আসাম বিশ্ববিদ্যালয় আসাম আন্দোলন না বরাক বাসীর আন্দোলনের ফসল সে ব্যাপারে স্পষ্টীকরন দিক। একই সাথে বরাকের বাঙালিদের অপমান করার জন্য এই অধ্যাপকের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গ্রহণ করে অবিলম্বে এই বিতর্ক চিরতরে অবসান করার উদ্যোগ নিক।

বাঙালি নবনির্মান সেনার পক্ষ থেকে সুমন দে এবং দুলাল ভৌমিক বলেন যে তাঁরা এর আগে আসাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা নিয়ে মিথ্যা তথ্য এবং বরাকের বাঙালিদের অপমান করার জন্য প্রশান্ত চক্রবর্তীকে সবার কাছে ক্ষমা চাইতে বলেছিলাম। যেহেতু তিনি ক্ষমা চাননি তাই বিডিএফ এর সাথে যৌথভাবে তারাও বাংলা সাহিত্যসভার এই সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তাঁরা প্রশাসনকে অবিলম্বে এই ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার আবেদন জানিয়েছেন।

বিডিএফ এর পক্ষ থেকে আহ্বায়ক হারাধন দত্ত এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন।

Promotional | Subscribe KRC TIMES e-copy

KRC TIMES-Subscription

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news