মহম্মদ ইউনুসের কুশপুতুল দাহ
অজিত দাস
শিলচর : বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর চলমান নির্যাতন এবং এক হিন্দু যুবকের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে আসাম বিশ্ববিদ্যালয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)-এর কর্মীরা তীব্র বিক্ষোভ প্রদর্শন করেন।বিক্ষোভকারীরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মহম্মদ ইউনুসের কুশপুতুল দাহ করে উত্তাল প্রতিবাদ জানান।
জানা গেছে, বাংলাদেশের ময়মনসিংহ জেলায় সম্প্রতি দীপু চন্দ্র দাস নামে এক হিন্দু যুবককে ধর্ম অবমাননার অভিযোগে উন্মত্ত জনতা নৃশংসভাবে হত্যা করে এবং তার মৃতদেহ পুড়িয়ে দেওয়া হয়। এই ঘটনায় ভারতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, বিশেষ করে সংখ্যালঘু অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোর মধ্যে।
আসাম বিশ্ববিদ্যালয়ের এবিভিপি ইউনিটের নেতৃত্বে আয়োজিত এই বিক্ষোভে শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। বিক্ষোভকারীরা স্লোগান তুলে বাংলাদেশের সরকারের কাছে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান এবং এই নির্যাতনের জন্য ড. ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে দায়ী করেন।
আসাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সভাপতি রাজকিঙ্কর চক্রবর্তী বলেন, “বাংলাদেশে হিন্দুদের উপর চলমান এই অত্যাচার উপেক্ষা করা যায় না। ভারত সরকারকে এই বিষয়ে কঠোর হস্তক্ষেপ করতে হবে।” এই বিক্ষোভে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং অন্যান্য ছাত্র সংগঠনের প্রতিনিধিরাও সংহতি প্রকাশ করেন। ঘটনাস্থলে নিরাপত্তারক্ষীরা উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন।
Promotional | North East Integration Rally



