এই ঘটনাকে ঘিরে উত্তরপাড়া এলাকায় গভীর শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে
অজিত দাস
উধারবন্দ : কাছাড় জেলার উধারবন্দের উত্তরপাড়া এলাকায় ঝুলন্ত অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটে শুক্রবার রাত আনুমানিক ৯টা নাগাদ।নিহত যুবকের নাম রাজেশ বনিক (৩০)। তিনি উধারবন্দ থানার অন্তর্গত উত্তরপাড়া এলাকার বাসিন্দা এবং রাজকুমার বনিকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় রাজেশ বাড়িতে একাই ছিলেন। রাত ৯টার দিকে পরিবারের সদস্যরা তাঁকে ফোন করলে তিনি ফোন ধরেননি। এতে সন্দেহ হওয়ায় পরিবারের লোকজন দ্রুত বাড়িতে পৌঁছে দেখেন ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। পরে দরজা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে দেখা যায়, রাজেশের মৃতদেহ ঘরের সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় রয়েছে।
ঘটনার খবর পেয়ে উধারবন্দ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনাকে ঘিরে উত্তরপাড়া এলাকায় গভীর শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
Promotional | North East Integration Rally



