এই কার্ডের মাধ্যমে সুবিধাভোগীরা পাঁচ লক্ষ টাকার বিনামূল্যে চিকিৎসার সুযোগ পাবেন
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর : কাছাড় জেলা স্বাস্থ্য সমিতির উদ্যোগে প্রধানমন্ত্রী জনআরোগ্য যোজনার অধীনে উধারবন্দে দশজন সুবিধাভোগীকে পি এম জে ওয়াই কার্ড বিতরণ করা হয়। উধারবন্দের ব্লক অডিটোরিয়াম হলে আনুষ্ঠানিক ভাবে কার্ডগুলো দশজনের হাতে তুলে দেন বিধায়ক মিহির কান্তি সোম ও অতিরিক্ত জেলা শাসক যুবরাজ বড়ঠাকুর। এছাড়াও উপস্থিত ছিলেন বিডিও কুবাদ আহমেদ বড়ভুইয়া, জয়েন্ট ডিরেক্টর ইনচার্জ এম আই বড়ভুইয়া, এস ডি এম ও ডাঃ প্রিয়াঙ্কা সিনহা।
অনুষ্ঠানে কয়েকজন স্বাস্থ্য কর্মীকেও ভালো কাজের জন্য সম্মান জানানো হয়। প্রধান অতিথি উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম বক্তব্যে বলেন, এই কার্ডের মাধ্যমে সুবিধাভোগীরা পাঁচ লক্ষ টাকার বিনামূল্যে চিকিৎসার সুযোগ পাবেন। আজ দশজনকে কার্ড দিয়ে আনুষ্ঠানিক সূচনা হলো, এখন অন্যদের দেওয়া হবে। উধারবন্দ পি এইচ সি’র অধীনে ৯৪হাজার কার্ড এসেছে। পরে আরও ৫০হাজার কার্ড আসবে। তিনি বলেন, সরকারের সিদ্ধান্ত, সবাইকে স্বাস্থ্য সেবার সুযোগ দেওয়া। এজন্য বিধায়ক অসমের মুখ্যমন্ত্রী ড৹ হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জানিয়েছেন।
পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রকল্প বাস্তবায়নেও সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতার আহ্বান জানান মিহির। তিনি কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন উল্লেখযোগ্য প্রকল্পের কথাও উল্লেখ করেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এডিসি যুবরাজ বড়ঠাকুর, এম আই বড়ভুইয়া ও প্রিয়াঙ্কা সিনহা। সভায় আশা কর্মী, এস এইচ জি গ্রুপ, অঙ্গণোয়াড়ি কর্মী সহ স্বাস্থ্য বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন।


