পুড়ে ছাই দোকান ও গোয়ালঘর
অজিত দাস
শিলচর : কাছাড় জেলার উধারবন্দ থানার অন্তর্গত দুর্গানগর ষষ্ঠ খণ্ড, দয়াপুর এলাকায় বুধবার রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা নূর আলম লস্করের দোকানঘরে আচমকা দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো দোকানঘর গ্রাস করে ফেলে।
স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালালেও ব্যর্থ হন। পরে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় উধারবন্দ দমকল বাহিনীকে। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কাজে ঝাঁপিয়ে পড়ে। প্রায় এক ঘণ্টার টানা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে দোকানঘরসহ একটি গোয়ালঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
তবে দমকল বাহিনী ও স্থানীয়দের তৎপরতায় আশপাশের বসতবাড়িগুলো বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায়। প্রাথমিক অনুমান, দোকানঘরের পাশে মজুত করে রাখা খড় থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। যদিও সংবাদ সংগ্রহ করা পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নির্দিষ্ট তথ্য জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন। স্থানীয়দের দাবি, দ্রুত ক্ষয়ক্ষতির প্রকৃত হিসাব নিরূপণ করে ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হোক।
Promotional | North East Integration Rally



