উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত দিগরখাল এবং কালাইনছড়া সহ আশপাশের গ্রামাঞ্চল

< 1 - মিনিট |

মুখ্যমন্ত্রীর সামনে সরাসরি তাদের সমস্যাগুলি তুলে ধরার জন্য মাত্র পাঁচ মিনিটের সাক্ষাতের আবেদন জানিয়েছেন

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

কাটিগড়া : স্বাধীনতার সুদীর্ঘ বছর অতিক্রান্ত হলেও বরাক উপত্যকার প্রবেশদ্বার হিসেবে পরিচিত কাটিগড়া সমষ্টির দিগরখাল, কালাইনছড়া চা বাগান ও তার আশপাশের বেশ কয়েকটি গ্রাম ও বাগান এলাকায় আজ অব্দি উন্নয়নের ছোঁয়া পৌঁছায়নি।

গ্রামবাসীদের অভিযোগ, উন্নয়নের স্বপ্ন দেখিয়ে নানা প্রকল্পের উদ্বোধন হলেও সেগুলি বাস্তবে মাঝপথেই থেমে যায়। ফলে এলাকাবাসী এখনও মৌলিক সুবিধা— বিশুদ্ধ পানীয় জল, স্বাস্থ্যপরিসেবা, উন্নত শিক্ষা এবং ভালো রাস্তা-ঘাট— থেকে বঞ্চিত। এমনকি এলাকার অধিকাংশ মানুষ এখনও স্থায়ী রোজগারের জন্য কোনো সঠিক কর্ম সংস্থান পাননি।

এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি থাকা সত্ত্বেও আজ অব্দি এখানে একটি পুলিশ আউটপোস্ট স্থাপন করা হয়নি। এর ফলে সামাজিক অপরাধমূলক কার্যকলাপ ক্রমেই বেড়ে চলেছে। উপরন্তু, ক্রেইগপার্ক ও কালাইনছড়া সংযোগকারী একমাত্র ঝুলন পুলটি কয়েক বছর আগেই ভেঙে পড়ে, কিন্তু এখনো পর্যন্ত তার পুনর্নির্মাণের কোনো ব্যবস্থা হয়নি। বারবার স্থানীয় বিধায়ক ও প্রশাসনের কাছে দাবি জানিয়েও কোনো ফল মেলেনি।

গ্রামের রাস্তা গুলোর মধ্যে অধিকাংশই চলাচলের অযোগ্য। পানীয় জল প্রকল্প থাকলেও বাস্তবে সেখানে জল নেই। উন্নয়নের জন্য গ্রামবাসীরা বারবার স্থানীয় মন্ত্রী-বিধায়কদের কাছে আবেদন জানিয়েছেন, কিন্তু তাতেও কোনো সুরাহা হয়নি।

অবশেষে এলাকাবাসীরা উন্নয়নের দাবিতে ‘জনকল্যাণ সংস্থা’ নামক এক স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার নিকট একটি স্মারকলিপি প্রদান করেন। এছাড়া তারা মুখ্যমন্ত্রীর সামনে সরাসরি তাদের সমস্যাগুলি তুলে ধরার জন্য মাত্র পাঁচ মিনিটের সাক্ষাতের আবেদন জানিয়েছেন।

Promotional | Subscribe KRC TIMES e-copy

KRC TIMES-Subscription

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news