শিলচরের গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের সামনে এআইডিএসও’র পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত
অজিত দাস
শিলচরের : এআইডিএসও’র সেন্ট্রাল কাউন্সিলের আহ্বানে তেজপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দীর্ঘ প্রায় তিন মাস ধরে চলা আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আজ ‘সেভ ক্যাম্পাস ডেমোক্রেসি ডে’ সারা দেশের সঙ্গে সঙ্গে আসামেও পালন করা হয়।
এই কর্মসূচির অঙ্গ হিসেবে আজ শিলচরের গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের সামনে এআইডিএসও’র পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপস্থিত সংগঠনের কর্মী ও সমর্থকেরা তেজপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ন্যায়সঙ্গত দাবির সমর্থনে বিভিন্ন স্লোগান তোলেন। স্লোগানগুলির মধ্যে ছিল—
- “তেজপুর বিশ্ববিদ্যালয়কে বাঁচাও”,
- “দেশজুড়ে ক্যাম্পাসের গণতন্ত্র বাঁচাও দিবস পালন করো”,
- “তেজপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ন্যায়সঙ্গত দাবি মানতে হবে”,
- “তেজপুর বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি ও অনিয়ম বন্ধ করো”,
- “বিতর্কিত উপাচার্যের অপসারণ চাই”,
- “তেজপুর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের পাশে আমরা রয়েছি, থাকব”,
- “সব শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ সুরক্ষিত রাখতে হবে” এবং
- “সংগ্রামী ছাত্রছাত্রীদের ঐক্য দীর্ঘজীবী হোক”।
এরপর উপস্থিত ছাত্রছাত্রীদের উদ্দেশে বক্তব্য রাখেন এআইডিএসও’র কাছাড় জেলা কমিটির সভাপতি স্বাগতা ভট্টাচার্য্য এবং জেলা সম্পাদক স্বপন চৌধুরী। বক্তারা বলেন, তেজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারিসহ নানা অনিয়মের অভিযোগ তুলে ছাত্রছাত্রীরা প্রায় তিন মাস ধরে যে সাহসী আন্দোলন চালিয়ে যাচ্ছেন, সে বিষয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের ভূমিকা অত্যন্ত নিন্দনীয়।
বক্তারা আরও বলেন, ছাত্রছাত্রীদের ন্যায়সঙ্গত দাবি পূরণের পরিবর্তে সরকার পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে এবং এর ফলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আজ গোটা দেশেই উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছাত্রছাত্রীদের অধিকার ও স্বাধীনতা খর্ব করার চক্রান্ত চলছে বলেও তারা অভিযোগ করেন।
তারা উল্লেখ করেন, কিছুদিন আগে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের আন্দোলনের চাপে সরকার পিছু হটতে বাধ্য হয়েছিল। একইভাবে দেশের বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয় ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও কেন্দ্র ও বিভিন্ন রাজ্য সরকার একই ধরনের দমনমূলক নীতি গ্রহণ করছে।
বক্তারা বলেন, আজ সারা দেশের সংগ্রামী ছাত্রসমাজ ও সচেতন নাগরিকরা তেজপুর বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিরসনের দাবিতে ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়েছেন এবং অবিলম্বে তাদের ন্যায়সঙ্গত দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন। এআইডিএসও’র কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে তেজপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাহসী আন্দোলনের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করা হয় এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলনের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার করা হয়।
Promotional | North East Integration Rally



