স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ সিআরপিসি
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর : অসমের দীর্ঘকালীন জাতীয় পরিচয় ও নাগরিকত্ব সংকটের স্থায়ী সমাধানে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করল ‘সিটিজেন্স রাইটস প্রটেকশন কমিটি’ (সিআরপিসি)। এনআরসি-র চূড়ান্ত তালিকার ভিত্তিতে রাজ্যের বৈধ নাগরিকদের দ্রুত জাতীয় পরিচয়পত্র প্রদানের দাবি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উদ্দেশ্যে একটি স্মারকপত্র পেশ করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক সাধন পুরকায়স্থ।
স্মারকপত্রে উল্লেখ করা হয়েছে, সুপ্রিম কোর্টের সরাসরি তত্ত্বাবধানে দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে অসমে এনআরসি-র চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছিল। এই তালিকায় অন্তর্ভুক্ত ব্যক্তিরা দেশের বৈধ নাগরিক হিসেবে স্বীকৃত। তবে অত্যন্ত পরিতাপের বিষয় যে, শীর্ষ আদালতের ঘোষণার পর প্রায় ছয় বছর অতিক্রান্ত হলেও আজ পর্যন্ত সেই তালিকার ভিত্তিতে জাতীয় পরিচয়পত্র প্রদানের কাজ শুরু হয়নি। ফলে অসমের সাধারণ মানুষ চরম প্রশাসনিক অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।
সাধন পুরকায়স্থ বলেন, “প্রশাসনিক ধোঁয়াশা ও দীর্ঘসূত্রতার অবসান ঘটিয়ে নাগরিকত্ব নিয়ে চলমান এই সংকটের স্থায়ী সমাধান এখন সময়ের দাবি। দ্রুত পরিচয়পত্র প্রদান করলে বৈধ নাগরিকদের সামাজিক ও রাজনৈতিক নিরাপত্তা সুনিশ্চিত হবে।” এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দিতে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সক্রিয় হস্তক্ষেপ কামনা করেন।



