করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনে তীব্র অসন্তোষ

2 - মিনিট |

৫ লক্ষ গণস্বাক্ষর সংগ্রহের অভিযানে নামল ছাত্র যুব সংগ্রাম কমিটি

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শ্রীভূমি : স্বাধীনতা আন্দোলন ও গণ আন্দোলনের ঐতিহ্যমণ্ডিত করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে এবার তীব্র গণআন্দোলন দানা বাঁধছে। জনমতকে উপেক্ষা করে এবং একপাক্ষিক সিদ্ধান্তের মাধ্যমে জেলার নাম পরিবর্তনের যে পদক্ষেপ নেওয়া হয়েছে, তার প্রতিবাদে বৃহস্পতিবার থেকে সর্বাত্মক গণস্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু করল ‘জেলার নাম পরিবর্তন বিরোধী ছাত্র যুব সংগ্রাম কমিটি’। তাদের স্পষ্ট দাবি, ঐতিহাসিক করিমগঞ্জ নাম বহাল রাখতে হবে এবং অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।

বৃহস্পতিবার ভাঙ্গা বাজারে এই গণস্বাক্ষর অভিযানের সূচনা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, জেলার নাম পরিবর্তনের মতো সংবেদনশীল বিষয়ে সরকারের পদক্ষেপ অগণতান্ত্রিক এবং এর পেছনে সাম্প্রদায়িক অভিসন্ধি রয়েছে বলে মনে করছে সচেতন মহল। এই সিদ্ধান্তের বিরুদ্ধে চলমান আন্দোলনকে আরও তীব্রতর ও সংগঠিত রূপ দিতেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। রাজ্য সরকারের ওপর চাপ সৃষ্টি করতে এবং জেলার ইতিহাস রক্ষার্থে ৫ লক্ষ মানুষের গণস্বাক্ষর সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এদিনের কর্মসূচিতে ভাঙ্গা অঞ্চলের সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। স্থানীয় জনগণ এবং সচেতন নাগরিক সমাজ এই অভিযানের প্রতি ব্যাপক সমর্থন জানিয়েছেন। সংগঠনের এক বিবৃতিতে বলা হয়েছে, করিমগঞ্জ নামের সঙ্গে জড়িয়ে আছে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ও আবেগ। সেই আবেগকে উপেক্ষা করে নাম পরিবর্তনের প্রচেষ্টা মেনে নেওয়া হবে না।

এদিন গণস্বাক্ষর অভিযানে উপস্থিত থেকে নেতৃত্ব দেন ছাত্র যুব সংগ্রাম কমিটির অন্যতম আহ্বায়ক সঞ্চিতা শুক্ল। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ সুজিত কুমার পাল এবং কার্যকরী কমিটির সদস্য শেখর কোঁহার, পাপিরা ইয়াসমিন, আশরাফ আম্বিয়া প্রমুখ। বক্তারা প্রত্যেকেই সরকারের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন এবং অবিলম্বে জনমতের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুরোনো নাম বহাল রাখার দাবি জানান।

Promotional | North East Integration Rally

Stay connected with the biggest action oriented movement of North East India – connecting, uniting, working for Peace, Progress and Prosperity of North East India. Know More – Connect with Us

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news