কাটিগড়ায় “নিযুত মইনা” প্রকল্পের উদ্বোধন করেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ
অজিত দাস
কাটিগড়া : কাছাড়ের কাটিগড়ায় এক সরকারি অনুষ্ঠানে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থকে মুখ্য অতিথি করা হয়েছিল। এর প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বিজেপি নেতা ও কর্মীরা এবং বয়কট করেন উক্ত অনুষ্ঠান। গতকাল কাটিগড়ায় “নিযুত মইনা” প্রকল্পের উদ্বোধন করেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ।
আর এই কারণেই অনুষ্ঠানটিকে বয়কট করেন কাটিগড়ার চারটি মণ্ডলের বিজেপি নেতারা। এর আগেও কাটিগড়ায় যে কোনও সরকারি বা বিজেপি-সংক্রান্ত অনুষ্ঠানে কমলাক্ষ দে পুরকায়স্থ উপস্থিত থাকলে, স্থানীয় বিজেপি নেতারা সেই অনুষ্ঠান এড়িয়ে গেছেন।
আসলে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে কাটিগড়া কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন উত্তর করিমগঞ্জের বর্তমান বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ।
সেই লক্ষ্যেই তিনি এখন নিয়মিত কাটিগড়ায় ঘোরাঘুরি করছেন এবং দলীয় কর্মসূচিতে সক্রিয় হচ্ছেন। তবে স্থানীয় বিজেপি নেতারা এই সম্ভাবনাকে মোটেই মেনে নিতে পারছেন না। ফলে, কমলাক্ষ দে পুরকায়স্থ কাটিগড়ায় উপস্থিত হলেই ক্ষোভে ফেটে পড়ছেন তাঁরা। এই ক্ষোভ থেকেই গতকালের “নিযুত মইনা” প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে বিজেপির স্থানীয় নেতৃত্ব অংশগ্রহণ করেননি। এই ঘটনাকে ঘিরে এখন কাটিগড়া জুড়ে জোর আলোচনা চলছে।

Know More – Apply Here


