মোট ভোটার ১৪,১৫,৪৩৯, পুরুষ ৭,০১,৮৮৮ জন, মহিলা ৭,১৩,৫৩৩ তৃতীয় লিঙ্গের ১৮
২২ জানুয়ারি পর্যন্ত দাবি-আপত্তি দাখিল, ২ ফেব্রুয়ারির মধ্যে নিষ্পত্তি , ১০ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর : অবাধ, স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে সারা রাজ্যের সঙ্গে কাছাড় জেলায়ও খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে শনিবার। এ উপলক্ষে এদিন জেলা আয়ুক্ত তথা জেলা নির্বাচন আধিকারিক মৃদুল যাদব-এর নেতৃত্বে এক বিশেষ সাংবাদিক সম্মেলন করা হয়।
এদিন প্রকাশিত খসড়া তালিকা অনুযায়ী বর্তমানে জেলার ১,৭৩২টি ভোটকেন্দ্র মিলিয়ে মোট ভোটারের সংখ্যা ১৪,১৫,৪৩৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭,০১,৮৮৮, মহিলা ভোটার ৭,১৩,৫৩৩ এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৮ জন। বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে শিলচর বিধানসভা কেন্দ্রে ভোটারের সংখ্যা সর্বাধিক, ২,২২,৩৫১ জন।
শুরুতে সাংবাদিক সম্মেলনের উদ্দেশ্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন নির্বাচন আধিকারিক মাসি টপনো। তিনি খসড়া ফটো ভোটার তালিকা প্রকাশের সামগ্রিক প্রেক্ষাপট তুলে ধরে বিশেষ সংশোধনী কার্যক্রমের উদ্দেশ্য, এর আইনি ভিত্তি এবং প্রশাসনিক গুরুত্ব বিশদভাবে ব্যাখ্যা করেন।
নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা, নির্ভুলতা ও সমাজের সর্বস্তরের মানুষের কার্যকর অন্তর্ভুক্তি নিশ্চিত করাই এই বিশেষ সংশোধনী অভিযানের মূল লক্ষ্য বলে জানান তিনি । পাশাপাশি, দাবি ও আপত্তি দাখিলের নির্ধারিত সময়ে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ভোটার তথ্যভাণ্ডারকে আরও শক্তিশালী ও হালনাগাদ করার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।
এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা আয়ুক্ত মৃদুল যাদব আনুষ্ঠানিকভাবে কাছাড় নির্বাচন জেলার সাতটি বিধানসভা কেন্দ্রের খসড়া ফটো ভোটার তালিকা প্রকাশের ঘোষণা করেন। তিনি জানান, নির্বাচন কমিশন অব ইন্ডিয়া (ইসিআই)-র নির্দেশিকা মেনে জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫০-এর ধারা ২১-এর অধীনে বিশেষ সংশোধনী কার্যক্রমের অংশ হিসেবে ১ জানুয়ারি, ২০২৬-কে যোগ্যতার ভিত্তি তারিখ ধরে এই খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।
জেলা আয়ুক্ত আরও জানান, এই খসড়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে ১১৪-লক্ষ্মীপুর, ১১৫-উধারবন্দ, ১১৬-কাটিগড়া, ১১৭-বড়খোলা, ১১৮-শিলচর, ১১৯-সোনাই এবং ১২০-ধলাই (এসসি) বিধানসভা কেন্দ্র। নাগরিকরা জেলা নির্বাচন আধিকারিক কার্যালয়ে সরাসরি উপস্থিত হয়ে অথবা সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসারদের (বিএলও) মাধ্যমে এই খসড়া তালিকা দেখতে পারবেন। একইসঙ্গে, নির্বাচন কমিশনের সরকারি পোর্টাল https://voters.eci.gov.in-এর মাধ্যমে অনলাইনে দাবি ও আপত্তি দাখিলের সুযোগও রাখা হয়েছে।
দাবি ও আপত্তি দাখিলের সময়সীমা ২২ জানুয়ারি ২০২৬ পর্যন্ত নির্ধারিত রয়েছে। ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে এবং সর্বাধিক ভোটার সহায়তা নিশ্চিত করতে আগামী ৩ ও ৪ জানুয়ারি এবং ১০ ও ১১ জানুয়ারি বিশেষ প্রচার অভিযান চালানো হবে বলেও জানান তিনি। প্রাপ্ত সমস্ত দাবি ও আপত্তি ২ ফেব্রুয়ারি, ২০২৬-এর মধ্যে নিষ্পত্তি করা হবে এবং ১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
ভোটার তালিকা সংশোধনী প্রক্রিয়ায় নির্ভুলতা, স্বচ্ছতা ও ন্যায়সঙ্গততা নিশ্চিত করতে একটি সুসংগঠিত ও বিস্তৃত প্রশাসনিক কাঠামো গড়ে তোলা হয়েছে বলেও জানান জেলা আয়ুক্ত। বর্তমানে জেলায় ৭ জন নির্বাচন নিবন্ধন আধিকারিক (ইআরও), ১৪ জন সহকারী নির্বাচন নিবন্ধন আধিকারিক (এইআরও), ৪৬ জন অতিরিক্ত সহকারী ইআরও, ৮৯ জন বিএলও সুপারভাইজার এবং ১,৭৩২ জন বুথ লেভেল অফিসার (বিএলও) দায়িত্বে রয়েছেন।
ভোটারদের সহায়তা প্রদান, অভিযোগ নিষ্পত্তি এবং কোনও যোগ্য নাগরিক যাতে ভোটার তালিকা থেকে বাদ না পড়েন, তা নিশ্চিত করতেই এই বিস্তৃত মাঠপর্যায়ের ব্যবস্থা মোতায়েন করা হয়েছে।
বিধিবদ্ধ সুরক্ষার প্রসঙ্গে জেলা আয়ুক্ত জানান, নির্বাচন নিবন্ধন আধিকারিকের কোনও সিদ্ধান্তের বিরুদ্ধে জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫০-এর ধারা ২৪(ক)-এর অধীনে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আপিল দাখিল করা যেতে পারে। প্রয়োজনে দ্বিতীয় আপিল জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫০-এর ধারা ২৪(খ) এবং ভোটার নিবন্ধন বিধি, ১৯৬০-এর বিধি ২৭ অনুযায়ী রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের নিকট দাখিল করা যাবে।
জেলা আয়ুক্ত সকল যোগ্য নাগরিকের প্রতি বিশেষ আবেদন জানান, বিশেষত প্রথমবারের ভোটার, মহিলা এবং প্রান্তিক শ্রেণিভুক্ত মানুষদের খসড়া ভোটার তালিকায় নিজেদের নাম ও ব্যক্তিগত তথ্য সতর্কতার সঙ্গে যাচাই করার জন্য। নির্ধারিত সময়সীমার মধ্যে দাবি ও আপত্তি দাখিল করার আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি পরিচ্ছন্ন, নির্ভুল ভোটার তালিকাই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মূল ভিত্তি। কাছাড়ে গণতান্ত্রিক প্রক্রিয়ার পবিত্রতা বজায় রাখতে জেলা প্রশাসন সর্বতোভাবে প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি আশ্বাস দেন।
উল্লেখ্য, গত ৬ জানুয়ারি, ২০২৫ তারিখে প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী কাছাড় জেলায় মোট ভোটারের সংখ্যা ছিল ১৩,৯৩,৪৮২ জন। সে হিসেবে জেলায় ভোটারের সংখ্যা বেড়েছে ২১ হাজার ৯৫৭ জন। এই সাংবাদিক সম্মেলনে জেলা উন্নয়ন আয়ুক্ত রাজীব রায় সহ জেলা নির্বাচন দফতরের অন্যান্য বরিষ্ঠ আধিকারিকরা উপস্থিত ছিলেন।




