কাছাড় কলেজে জ্যোতির্বিজ্ঞান বিষয়ক সচেতনতা কর্মসূচি সম্পন্ন

< 1 - মিনিট |

উপাধ্যক্ষ ড. মো. শামসুদ্দিন প্রাচীন সভ্যতা থেকে আধুনিক যুগ পর্যন্ত মহাকাশ বিজ্ঞানের বিবর্তনের ইতিহাস তুলে ধরেন

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : বিজ্ঞানমনস্কতা বৃদ্ধি ও মহাকাশ গবেষণায় শিক্ষার্থীদের উৎসাহিত করতে বৃহস্পতিবার কাছাড় কলেজে অনুষ্ঠিত হলো এক বিশেষ ‘জ্যোতির্বিজ্ঞান সচেতনতা কর্মসূচি’। কলেজের পদার্থবিজ্ঞান বিভাগ এবং আসাম বিশ্ববিদ্যালয়ের ‘আইইউসিএএ সেন্টার ফর অ্যাস্ট্রোনমি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট’-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন কলেজের অধ্যক্ষ ড. অপ্রতিম নাগ। তিনি তাঁর বক্তব্যে বর্তমান যুগে কুসংস্কারমুক্ত সমাজ গঠনে জ্যোতির্বিজ্ঞানের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন। উপাধ্যক্ষ ড. মো. শামসুদ্দিন প্রাচীন সভ্যতা থেকে আধুনিক যুগ পর্যন্ত মহাকাশ বিজ্ঞানের বিবর্তনের ইতিহাস তুলে ধরেন।

অনুষ্ঠানের টেকনিক্যাল পর্বে আসাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক হিমাদ্ৰি শেখর দাস ‘সৌরজগতের বাইরের আগন্তুক’ (Interstellar objects) তথা থ্রিআই/অ্যাটলাস বিষয়ে অত্যন্ত তথ্যবহুল বক্তব্য রাখেন। দ্বিতীয় পর্বে কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান ড. গায়ত্রী ঘোষ কণা পদার্থবিজ্ঞান (Particle Physics) ও জ্যোতির্পদার্থবিজ্ঞানের আন্তঃসম্পর্ক নিয়ে আলোচনা করেন।

সবশেষে আসাম বিশ্ববিদ্যালয়ের গবেষক সঞ্চালী নাথ মজুমদার ‘স্টেলেরিয়াম’ অ্যাপের মাধ্যমে হাতে-কলমে আকাশ পর্যবেক্ষণের কৌশল হাতে-কলমে শিখিয়ে দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিথি অধ্যাপক মানালি চক্রবর্তী ও অনুষ্কা দে। সমাপনী ভাষণে ড. গায়ত্রী ঘোষ সকলকে ধন্যবাদ জানান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news