গরু বাছুরকে কেন্দ্র করে এক স্কুল পড়ুয়া কিশোরের উপর বর্বরোচিত হামলা চালিয়েছে এক যুবক
অজিত দাস
কাটিগড়া : কাছাড় জেলার কাটিগড়া বিধানসভার সোনাপুর গাঁও পঞ্চায়েতের সেউতি প্রথম খণ্ডে ঘটেছে এক নৃশংস ঘটনা। গরু বাছুরকে কেন্দ্র করে এক স্কুল পড়ুয়া কিশোরের উপর বর্বরোচিত হামলা চালিয়েছে এক যুবক।
ঘটনাটি ঘটে গত শনিবার। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার বাসিন্দা রশিদ আহমেদের পুত্র আবু সুফিয়ান আহমেদ বড়ভুইয়া ঘাস খাওয়ানোর জন্য তাদের গরু বাছুরটি নিয়ে বাড়ি থেকে বের হয়। ঠিক সেই সময় একই গ্রামের বাসিন্দা আব্দুল হেলিমের পুত্র জুনাইদ আহমেদ বড়ভুইয়া কিশোরটির হাত থেকে গরুটি নিয়ে পাশের ধানক্ষেতে ছেড়ে দেয়। এ নিয়ে আপত্তি জানাতেই রণচণ্ডী রূপ ধারণ করে জুনাইদ।
অভিযোগ, সে সুফিয়ানকে মাটিতে ফেলে বেধড়ক প্রহার করে এবং কিশোরের সংবেদনশীল অঙ্গে লাথি মেরে গুরুতর জখম করে। সুফিয়ানের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে অভিযুক্ত স্থান ত্যাগ করে পালিয়ে যায়। আহত সুফিয়ানকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।
পরবর্তীতে ঘটনাটি নিয়ে বিহাড়া পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হলেও এখনো পর্যন্ত অভিযুক্ত জুনাইদ আহমেদ বড়ভুইয়াকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ নিয়ে প্রশ্ন উঠেছে, দরিদ্র পরিবারের এক কিশোরের উপর বিত্তবান পরিবারের যুবকের হামলায় কি প্রশাসন নীরব ভূমিকা পালন করছে?
সুফিয়ানের পরিবার জানিয়েছে, বর্তমানে তার শারীরিক অবস্থা সংকটজনক এবং গুরুতর জখমের কারণে উন্নত চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না। তারা কাছাড় জেলার পুলিশ সুপারের কাছে অভিযুক্তের দ্রুত গ্রেফতার ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।
Promotional | North East Integration Rally



