দুজন শিক্ষক একই সঙ্গে চারটি শ্রেণীর পাঠদান করাতে বাধ্য হচ্ছেন
অজিত দাস
কাটিগড়া : কাছাড়ের কাটিগড়া শিক্ষা খণ্ডের অন্তর্গত ১০৮৪ নং উত্তর সোনাপুর এলপি স্কুলে শিক্ষকের অভাব চরম আকার ধারণ করেছে। হঠাৎ করেই দুজন শিক্ষকের বদলির ফলে স্কুলের শিক্ষা পরিকাঠামো ভেঙে পড়েছে। বর্তমানে মাত্র তিনটি শ্রেণীকক্ষে একসঙ্গে পাঁচটি ক্লাসের পাঠদান চালাতে হচ্ছে।
অভাব মেটাতে দুজন শিক্ষক একই সঙ্গে চারটি শ্রেণীর পাঠদান করাতে বাধ্য হচ্ছেন। ফলে একটি শ্রেণী নিয়মিত শিক্ষকবিহীন অবস্থায় পড়ে থাকছে। এ অবস্থায় শিক্ষার্থীদের পড়াশোনায় মারাত্মক ব্যাঘাত ঘটছে।
বুধবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্কুল পরিচালন সমিতির কর্মকর্তারা ও অভিভাবকেরা উদ্বেগ প্রকাশ করে জানান, বারবার শিক্ষা বিভাগের কাছে শিক্ষক নিয়োগের দাবি জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ফলে অধিকাংশ সময় শিক্ষার্থীরা পাঠদানের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। স্কুলের প্রধান শিক্ষক গোপাল চন্দ্রও শিক্ষকের সংকটজনিত সমস্যার কথা স্বীকার করেছেন।
অভিভাবক ও পরিচালন সমিতির কর্মকর্তারা জানিয়েছেন, সমস্যার দ্রুত সমাধান না হলে তারা খুব শিগগিরই কাছাড়ের জেলাশাসকের দ্বারস্থ হবেন।



