সোমবার সকালে ছাত্র-ছাত্রীরা শিলচর–গৌহাটি সংযোগকারী ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে তীব্র প্রতিবাদে সামিল হন
অজিত দাস
কাটিগড়া : কালাইন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ সিরাজুল আম্বিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ফের উত্তেজনা ছড়াল কাছাড়ের কাটিগড়া বিধানসভা এলাকার কালাইনে। সোমবার সকালে ছাত্র-ছাত্রীরা শিলচর–গৌহাটি সংযোগকারী ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে তীব্র প্রতিবাদে সামিল হন।
উল্লেখ্য, কয়েকদিন আগে বিদ্যালয়ের শিক্ষিকা শিলু চন্দকে মানসিক নির্যাতনের অভিযোগের ভিত্তিতে পুলিশ অধ্যক্ষ সিরাজুল আম্বিয়াকে আটক করে। এর প্রতিবাদেই গত বৃহস্পতিবার ছাত্র-ছাত্রীরা কালাইন থানার ঘেরাও কর্মসূচি পালন করেছিলেন। সে সময় কাটিগড়ার সার্কেল ম্যাজিস্ট্রেট রবার্ট টোলর ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনানুগভাবে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে আন্দোলনকারীরা সাময়িকভাবে কর্মসূচি প্রত্যাহার করেন।
কিন্তু সোমবার ছাত্র-ছাত্রীরা আবারও বিনা শর্তে অধ্যক্ষের মুক্তির দাবিতে জাতীয় সড়কে অবরোধে বসেন। গুরুত্বপূর্ণ এই সড়কে অবরোধ সৃষ্টি হওয়ায় দীর্ঘ যানজটের পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তৎপরতা চালালেও অবরোধকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ও সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে কয়েকজন ছাত্র-ছাত্রী আহত হন। আহতদের তাৎক্ষণিকভাবে কালাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা চলমান। পাশাপাশি দুইজন কনস্টেবলও আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর আগে বৃহস্পতিবারও একই দাবিতে ছাত্র-ছাত্রীরা কালাইন পুলিশ স্টেশন ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেছিলেন।
Promotional | North East Integration Rally



