কুষ্ঠ নিরাময়যোগ্য, সচেতনতাই দূর করবে সামাজিক কলঙ্ক

2 - মিনিট |

শিলচরে রোটারি ক্লাবের সেমিনার

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : ‘কুষ্ঠ নিরাময়যোগ্য, সামাজিক কলঙ্ক নয়’—এই স্লোগানকে সামনে রেখে শিলচর রোটারি ক্লাবের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হলো। বৃহস্পতিবার ক্লাবের নিজস্ব ক্যাম্পাসে ‘রোটারি অ্যাকশন গ্রুপ–মেন্টাল হেলথ ইনিশিয়েটিভ’-এর অধীনে কুষ্ঠজনিত বিকলাঙ্গতা প্রতিরোধ ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক এই আলোচনা সভাটি আয়োজিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৪০-এর ডিস্ট্রিক্ট গভর্নর তথা প্রখ্যাত অস্থিশল্য চিকিৎসক ডাঃ কামেশ্বর সিং ইলাংবাম। সম্মানিত অতিথি ও মূল বক্তা হিসেবে বক্তব্য রাখেন শিলচর মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ কমল নাথ।

অনুষ্ঠানের প্রেক্ষাপট ব্যাখ্যা করতে গিয়ে শিলচর রোটারি ক্লাবের সম্পাদক ও মানসিক স্বাস্থ্য উদ্যোগের চেয়ারম্যান বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ডাঃ ডি. জে. নাথ বলেন, “জাতির পিতা মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসের স্মরণে প্রতি বছর ৩০ জানুয়ারি বিশ্ব কুষ্ঠ দিবস পালন করা হয়। কুষ্ঠ রোগ নিয়ে সমাজের গভীরে প্রোথিত কুসংস্কার ও ভ্রান্ত ধারণা দূর করাই আমাদের প্রধান লক্ষ্য। এটি একটি সাধারণ ব্যাকটেরিয়াজনিত রোগ, যা সঠিক সময়ে চিকিৎসায় সম্পূর্ণ নিরাময় সম্ভব।” তিনি ভয় না পেয়ে জনসচেতনতা বাড়ানোর ওপর বিশেষ জোর দেন।

শিলচর রোটারি ক্লাবের সভাপতি দেবাশীষ সোমের সভাপতিত্বে আয়োজিত এই কর্মসূচিতে স্বাগত ভাষণ দেন প্রোগ্রাম কো-অর্ডিনেটর প্রিয়তনু গোস্বামী। জেলা স্বাস্থ্য বিভাগ, ন্যাশনাল লেপ্রসি ইরাডিকেশন প্রোগ্রাম (NLEP) এবং ‘সক্ষম’ সংস্থার অধীনে পরিচালিত জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র (DDRC)-এর সহযোগিতায় দিনভর এই সেমিনার চলে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন DDRC-র নোডাল অফিসার তথা ‘সক্ষম’-এর উত্তর-পূর্ব ভারতের আহ্বায়ক ডাঃ মিঠুন রায়।

সেমিনারের কারিগরি অধিবেশনে জি. সি. কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মৃদুল মোহন দাস কুষ্ঠ রোগের সামাজিক অন্তরায় ও ব্যবহারিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করেন। অন্যদিকে, জেলা কুষ্ঠ কর্মকর্তা ডাঃ সন্দীপ রায় তৃণমূল স্তরে রোগ শনাক্তকরণে আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন। তিনি জানান, প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় করা গেলে বিকলাঙ্গতা পুরোপুরি প্রতিরোধ করা সম্ভব।

অনুষ্ঠানের অন্যতম আবেগঘন মুহূর্ত ছিল কুষ্ঠজয়ী সুদীপ পাল চৌধুরীর উপস্থিতি। সামাজিক লাঞ্ছনা ও প্রতিবন্ধকতা জয় করে তিনি আজ একজন সফল উদ্যোক্তা।

অনুষ্ঠানের শুরুতে মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এবং শিল্পী রুদ্রাণী দাসের উদ্বোধনী সংগীতের মাধ্যমে সভার সূচনা হয়। সেমিনারে উপস্থিত ছিলেন রোটারি ক্লাবের এ. জি. বিশ্বজিৎ বণিক, প্রাক্তন সভাপতি গৌতম পাল, চিরঞ্জিত মিঠু ঘোষ, দীপক দাস, গৌরব পাল, শ্যামল দাস, সঞ্জয় কুমার দে, দেবর্ষি পাল চৌধুরী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। ধন্যবাদ জ্ঞাপন করেন ক্লাবের সভাপতি দেবাশীষ সোম।

Promotional | North East Integration Rally

Stay connected with the biggest action oriented movement of North East India – connecting, uniting, working for Peace, Progress and Prosperity of North East India. Know More – Connect with Us

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news