কাছাড়ে ‘স্বাস্থ্যবান শ্রমিক যোজনা’র সূচনা করলেন মন্ত্রী কৌশিক রায়
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর : চা-বাগান এলাকার শ্রমজীবী মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে বদ্ধপরিকর রাজ্য সরকার। শনিবার কাছাড় জেলার দেওয়ান টি এস্টেটে ‘স্বাস্থ্যবান শ্রমিক যোজনা’র পাইলট প্রকল্পের সূচনা করে এ কথা বলেন রাজ্যের খাদ্য, গণবণ্টন ও বরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রী কৌশিক রায়।
মুখ্যমন্ত্রী ডা. হিমন্ত বিশ্ব শর্মার দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করে মন্ত্রী বলেন, ‘এক সময় চা-বাগানে মানসম্মত স্বাস্থ্য পরিষেবা পৌঁছানো ছিল এক বড় চ্যালেঞ্জ। আজ পরিকল্পিত সরকারি নীতির ফলে সেই ব্যবধান ঘুচে যাচ্ছে।’ তিনি জানান, রাজ্যের ২০টি বাগানের মধ্যে দেওয়ান টি এস্টেটকে এই বিশেষ প্রকল্পের জন্য বেছে নেওয়া হয়েছে, যা ভবিষ্যতে পুরো রাজ্যের জন্য একটি মডেল হিসেবে কাজ করবে।
মন্ত্রী আরও ঘোষণা করেন, কাছাড় জেলার ২৭টি চা-বাগান হাসপাতালকে ‘আয়ুষ্মান আরোগ্য মন্দিরে’ উন্নীত করতে প্রতিটির জন্য ৩ লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে।
অনুষ্ঠানে বিদায়ী জেলা আয়ুক্ত মৃদুল যাদব বলেন, জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ যৌথভাবে ‘সবার জন্য স্বাস্থ্য’ লক্ষ্যমাত্রা পূরণে কাজ করছে। স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডা. শিবানন্দ রায় প্রকল্পের কৌশলগত দিকগুলো তুলে ধরেন। এ দিন দেওয়ান টি এস্টেটে একটি বৃহৎ স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়, যেখানে বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রায় ২৯৩ জন রোগীর স্বাস্থ্য পরীক্ষা করেন।
অনুষ্ঠানস্থলে ৯ জন যক্ষ্মা রোগীর হাতে ‘নিক্ষয় পোষণ কিট’ তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন এনএইচএম-এর জেলা কর্মসূচি ব্যবস্থাপক রাহুল ঘোষ সহ পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। সরকারের এই উদ্যোগে স্থানীয় চা-শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।
Promotional | North East Integration Rally




