বরাক উপত্যকায় ভিডিও ভ্যানের যাত্রা শুরু
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর। গণতন্ত্রে শেষ কথা বলে জনগণ। নির্বাচনের রণদামামা বাজার অনেক আগেই যখন রাজনৈতিক দলগুলো ময়দানে নামে, তখন তাদের তূণে থাকা তীরের চেয়ে বেশি জরুরি হয়ে পড়ে জনআকাঙ্ক্ষা অনুধাবন করা। ২০২৬-এর অসম বিধানসভা নির্বাচনের পটভূমি নির্মাণে ভারতীয় জনতা পার্টি এবার সেই লক্ষ্যেই পা বাড়াল ।
শ্লোগান তোলা হয়েছে— ‘আকাঙ্ক্ষা জনগণের, সংকল্প বিজেপির’। কেবল দলীয় কর্মসূচি নয়, বরং সাধারণ মানুষের মনের কথা বুঝে নিয়ে আগামী দিনের নির্বাচনী ইস্তেহার বা ‘সংকল্পপত্র’ তৈরির এক অভিনব প্রয়াস শুরু করল শাসক দল। রবিবার শিলচর টাউন ক্লাব ময়দানে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বরাক উপত্যকার তিন জেলার জন্য ৯টি ভিডিও ভ্যান বা ‘পরামর্শ বাহনের’ শুভ সূচনা হল।
এই অভিযানের মূল লক্ষ্য হলো সরকারের গত কয়েক বছরের উন্নয়নের খতিয়ান সাধারণ মানুষের সামনে তুলে ধরা এবং একই সঙ্গে আগামী দিনের জন্য তাঁদের প্রত্যাশা ও দাবিগুলো সরাসরি সংগ্রহ করা।রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী কৌশিক রায় এই অভিযানের রূপরেখা স্পষ্ট করতে গিয়ে জানান, প্রথম পর্যায়ের দেওয়াল লিখনের পর এটি বিজেপির দ্বিতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ কর্মসূচি।

রাজ্যজুড়ে মোট ১০৩টি ভিডিও ভ্যান নামানো হয়েছে, যার মধ্যে ৯৪টি ব্রহ্মপুত্র উপত্যকায় এবং বরাকের জন্য নির্ধারিত হয়েছে ৯টি বাহন। প্রতিটি ভ্যানে রাখা নির্দিষ্ট বক্সে সাধারণ মানুষ তাঁদের দাবি ও প্রস্তাব লিখে জমা দিতে পারবেন।
কৌশিক রায়ের ভাষায়, আগামী দিনের অসমের উন্নয়নকে আরও গতিশীল করতে জনগণের ভাবনাকেই সংকল্পপত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। বিশেষ করে বরাক উপত্যকার দীর্ঘদিনের সমস্যা ও চাহিদাকে এই প্রক্রিয়ার মাধ্যমে সরাসরি নীতি-নির্ধারণী স্তরে পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

সাংসদ কণাদ পুরকায়স্থের কণ্ঠে এদিন এক নতুন ঘরানার রাজনীতির কথা ধ্বনিত হলো। তাঁর মতে, স্বাধীনতার পর বহু সরকার দেশ শাসন করলেও জনমতকে ভিত্তি করে উন্নয়নের রূপরেখা তৈরির এমন নজির একমাত্র বিজেপিই স্থাপন করেছে। তিনি মনে করেন, মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্য সরকার জনমতের ভিত্তিতেই আগামী দিনের উন্নয়নের দিশা নির্ধারণ করতে চাইছে।
গ্রামে গ্রামে গিয়ে মানুষের দুঃখ-দুর্দশা ও প্রয়োজনের তথ্য সংগ্রহের এই উদ্যোগ আসলে তৃণমূল স্তরের সঙ্গে সরকারের এক নিবিড় সেতুবন্ধন।এদিন শিলচরের এই পতাকা উত্তোলন অনুষ্ঠানে বরাক উপত্যকার বিশিষ্ট রাজনৈতিক নেতৃত্বের সমাগম ঘটে। প্রাক্তন সাংসদ ডা. রাজদীপ রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, মিহির কান্তি সোম, নীহার রঞ্জন দাস এবং জেলা বিজেপি সভাপতি রূপম সাহা প্রমুখের উপস্থিতি কর্মসূচির গুরুত্বকেই ফুটিয়ে তুলেছে।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কাছাড় জেলা নির্বাচনী পরিচালনা কমিটির কনভেনার চন্দন দে এবং বরাক উপত্যকার ভিডিও ভ্যানগুলোর দায়িত্বে থাকা যুব মোর্চার অমিতেষ চক্রবর্তী। নির্ধারিত সূচি অনুযায়ী, এই ৯টি ভিডিও ভ্যানের মধ্যে ৬টি কাছাড় জেলায়, ২টি শ্রীভূমি জেলায় এবং ১টি হাইলাকান্দি জেলার প্রতিটি গ্রাম ও শহরে পরিক্রমা করবে।
Promotional | North East Integration Rally



