সপ্তগ্রাম পঞ্চায়েত সভাপতির শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি!
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
সপ্তগ্রাম : নরসিংপুর উন্নয়ন ব্লকের অন্তর্গত সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত সভাপতি আনোয়ার হোসেন লস্করের শিক্ষাগত যোগ্যতা নিয়ে গুরুতর জালিয়াতির অভিযোগ উঠেছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রুমা পারভিন চৌধুরীর শ্বশুর তাজউদ্দীন বড়ভূঁইয়া গত ২৫ জুন ধলাই থানায় এ বিষয়ে একটি মামলা দায়ের করেন। অভিযোগ দায়েরের ১৪ দিন পেরিয়ে গেলেও পুলিশের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না নেওয়ায় আজ তিনি নিজ বাসভবনে এক সাংবাদিক বৈঠক ডেকে ক্ষোভ প্রকাশ করেছেন।
সাংবাদিক বৈঠকে রুমা পারভিন চৌধুরীকে পাশে বসিয়ে তাজউদ্দীন বড়ভূঁইয়া জানান, মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্বশর্মার সংশোধিত পঞ্চায়েত আইন অনুযায়ী, সাধারণ শ্রেণীর গ্রুপ সদস্য নির্বাচিত হতে হলে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে মাধ্যমিক উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। তাজউদ্দীনের দাবি, আনোয়ার হোসেন লস্কর সপ্তম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন, অথচ তিনি জালিয়াতির আশ্রয় নিয়ে পরীক্ষায় না বসে সিকিম বোর্ডের আওতাধীন স্কিল ডেভেলপমেন্ট এডুকেশন বিভাগ থেকে মাধ্যমিক উত্তীর্ণের সার্টিফিকেট অর্জন করেছেন।
তাজউদ্দীন জোর দিয়ে বলেন, “সম্পূর্ণ জালিয়াতির আশ্রয় নিয়ে আনোয়ার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।” তিনি মুখ্যমন্ত্রীর সেই নির্দেশকেও স্মরণ করিয়ে দেন, যেখানে বাল্যবিবাহ বা জালিয়াতির আশ্রয় নিয়ে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র দেখিয়ে কেউ নির্বাচনে জয়ী হলে তাদের বিরুদ্ধে থানায় মামলা করার নির্দেশ দেওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসরণ করেই তিনি মামলা দায়ের করলেও, ১৪ দিন অতিক্রান্ত হওয়ার পরও পুলিশের পক্ষ থেকে কোনো সদুত্তর না মেলায় তিনি মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্যের অভিযোগ তোলেন।
বর্তমানে আনোয়ার হোসেন সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েতের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তাজউদ্দীন বলেন, “মাত্র সপ্তম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করা একজন ব্যক্তি নিজের ডেভেলপমেন্ট ব্লকের নাম ও ঠিকানা শুদ্ধভাবে ইংরেজিতে লিখতে পারবেন কিনা সন্দেহ রয়েছে।” এমন একজন ব্যক্তি গ্রাম পঞ্চায়েতের সভাপতি পদে থাকলে গ্রামের উন্নয়নে সরকার কর্তৃক বরাদ্দকৃত অর্থ নয়ছয় হওয়ার আশঙ্কা প্রবল বলে তিনি মনে করেন।
তাজউদ্দীন অবিলম্বে নির্বাচন আধিকারিক, জেলা শাসক এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্বশর্মার দৃষ্টি আকর্ষণ করে সঠিক তদন্তের মাধ্যমে আনোয়ার হোসেন লস্করের শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র যাচাইয়ের দাবি জানিয়েছেন।
Promotional | Subscribe KRC TIMES e-copy



