সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, জুলাই সনদ বাস্তবায়নই হবে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা
সমীরণ রায়
ঢাকা : জাতীয় নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবার কথা জানিয়েছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এই কথা জানান। ড. ইউনূস বলেন, আমাদের গুরুদায়িত্ব হচ্ছে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান। আমি ঘোষণা করেছি যে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এই নির্বাচন উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য আমরা সব প্রস্তুতি গ্রহণ করছি। আমাদের ওপর অর্পিত দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। সংবিধানে ‘জুলাই জাতীয় সনদ’ অন্তর্ভুক্ত করার ব্যবস্থা গ্রহণের ঘোষণাও দিয়েছেন বাংলাদেশের ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি জানান, আগামী ২৬-এর ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা হবে। ড. ইউনূস বলেন, জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকারনামা অনুসারে সংবিধানে জুলাই জাতীয় সনদ অন্তর্ভুক্ত করার ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে সরকার ইতোমধ্যে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ শিরোনামে গেজেট প্রকাশ করেছে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিভাগ থেকে এ গেজেট প্রকাশ করা হয়। এর আগে ১৭ অক্টোবর বিএনপি, জামায়াতে ইসলামীসহ ২৪টি রাজনৈতিক দল জাতীয় ঐকমত্য কমিশনের আহ্বানে জুলাই সনদে স্বাক্ষর করে। দেশটির রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জুলাই সনদ-এ অনুমোদন দিয়েছেন। বৃহস্পতিবার এই গুরুত্বপূর্ণ সনদে স্বাক্ষর করেন।
এর মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক প্রক্রিয়ার একটি নতুন ধাপ সম্পন্ন হলো। রাষ্ট্রপতির স্বাক্ষরের পর সনদটি এখন কার্যকর হওয়ার অপেক্ষায়। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ও কমিশনের সভাপতি ড. ইউনূস নিজেও সনদে সই করেন।
তবে প্রধান উপদেষ্টার ভাষণে বিএনপি ও জামায়াত নেতারা অসন্তোষ প্রকাশ করেছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, প্রধান উপদেষ্টার ভাষণে জুলাই সনদ লঙ্ঘিত হয়েছে। আর জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের মতে, গণভোট নিয়ে ইউনূসের ঘোষণা জাতির আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, জুলাই সনদ বাস্তবায়নই হবে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা।



