ঠালিগ্রাম (দেশবন্ধু) নগর এলাকায় নদীর চর থেকে অবৈধ পাথর খননের ফলে নদীপথ পরিবর্তনের আশঙ্কা

< 1 - মিনিট |

জনজীবন ও সরকারি স্থাপনা বিপন্ন

অজিত দাস

ঠালিগ্রাম : ঠালিগ্রাম (দেশবন্ধু) নগর এলাকার স্থায়ী বাসিন্দারা চরম উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে জানান যে, দীর্ঘদিন ধরে দেশবন্ধু নগর সংলগ্ন মধুর নদীর তীরে অবস্থিত চর এলাকায় অবাধে অবৈধ পাথর খননের কাজ চালানো হচ্ছে। অভিযোগ অনুযায়ী, প্রায় ১৫–১৬টি জেসিবি মেশিন ব্যবহার করে দিন-রাত নির্বিচারে খনন কার্য চলার ফলে নদীর চর এলাকা বর্তমানে ৪০ থেকে ৫০ ফুট গভীর বিশাল গর্তে পরিণত হয়েছে।

এলাকাবাসীর আশঙ্কা, আসন্ন বর্ষা মরসুমে মধুর নদীর জলস্তর বৃদ্ধি পেলে নদীর স্বাভাবিক গতিপথ পরিবর্তিত হয়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এর ফলে এলাকার সরকারি বাঁধ, কৃষ্ণ মন্দির, এলপি স্কুলসহ বহু আবাসগৃহ ও বিস্তীর্ণ কৃষিজমি অচিরেই নদীগর্ভে বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে।

এই গুরুতর পরিস্থিতির প্রতিবাদে সোমবার দেশবন্ধু নগর এলাকায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভকারীরা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নিকট অবিলম্বে হস্তক্ষেপের দাবি জানিয়ে প্রশাসনকে ১০ দিনের সময়সীমা বেঁধে দেন। নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ পাথর খনন বন্ধসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।

এলাকাবাসীর দাবি, জনস্বার্থে ও পরিবেশ সুরক্ষার স্বার্থে অবিলম্বে অবৈধ খনন কার্য বন্ধ করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক।

Promotional | North East Integration Rally

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *