বিশ্বের পর্যটকদের কাছে ভ্রমণের জন্য নিরাপদ দেশ হিসেবে বিবেচিত থাইল্যান্ড। প্রতি বছর প্রায় সাড়ে তিন কোটি পর্যটক দেশটিতে ভ্রমণে যান।
কে আর সি টাইমস ডেস্ক
সেলফির নেশা কেড়ে নিল প্রাণ। থাইল্যান্ডের বিখ্যাত পর্যটন কেন্দ্র কো সামুই দ্বীপে ‘বিপদজনক’ চিহ্ন উপেক্ষা করে ‘না মুয়েং ২’ ঝর্ণার সঙ্গে সেলফি তুলতে গিয়ে পা পিছলে নিচে পড়ে গিয়ে প্রাণ হারালেন এক ফরাসি পর্যটক। শুক্রবার থাই পুলিশ সূত্রে এই সংবাদ জানা গেছে।
জানা গেছে, বন্ধুর সঙ্গে থাইল্যান্ডের বিখ্যাত পর্যটন কেন্দ্র কো সামুই দ্বীপে ঘুরতে গিয়েছিলেন বাস্তিয়েন পালমিয়ের নামের ৩৩ বছরের এক ফরাসি যুবক ।বৃহস্পতিবার সেই দ্বীপের ‘না মুয়েং ২’ ঝর্ণা দেখতে যান তাঁরা। এদিন বিকেলে ঝর্ণার সঙ্গে সেলফি তুলতে গিয়ে পা পিছলে ২৬০ ফুট নিচে পড়ে গিয়ে প্রাণ হারান তিনি। পরে দুই ঘণ্টার প্রচেষ্টায় তাঁর মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে দেশটির ট্যুরিস্ট পুলিশ। শুক্রবার থাই পুলিশের পক্ষ থেকে ফুভাডল ভিরিয়াভারাংকুলু নামে এক ট্যুরিস্ট পুলিশ বলেন, এর আগে গত জুলাইয়েও একই স্থান থেকে পড়ে গিয়ে এক স্পেনিশ পর্যটক প্রাণ হারিয়েছিলেন। এই জায়গাটি অনেক পিচ্ছিল বলে পর্যটকদের সাবধান করতে এখানে ‘বিপদজনক’ চিহ্ন দেওয়া ছিল। কিন্তু সেখানেই সেলফি তুলতে যাওয়ায় তার মৃত্যু হয়েছে। উল্লেখ, বিশ্বের পর্যটকদের কাছে ভ্রমণের জন্য নিরাপদ দেশ হিসেবে বিবেচিত থাইল্যান্ড। প্রতি বছর প্রায় সাড়ে তিন কোটি পর্যটক দেশটিতে ভ্রমণে যায়।


