বউবাজার ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজের রিপোর্ট হাইকোর্টে জমা করল কলকাতা মেট্রোরেলের বিশেষজ্ঞ কমিটি
কে আর সি টাইমস ডেস্ক
বউবাজার ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজের রিপোর্ট শুক্রবার হাইকোর্টে জমা করল কলকাতা মেট্রোরেলের বিশেষজ্ঞ কমিটি। সেই রিপোর্টে জানানো হয়েছে নির্মলচন্দ্র স্ট্রিটের কাছে থাকা দ্বিতীয় টানেল বোরিং মেশিন সরালে জীবনহানির আশঙ্কা নেই।
সেই রিপোর্টে আরও বলা হয়েছে আপাতত ওই মেশিন সরালে ওই অঞ্চলের মানুষের জীবন ও সম্পত্তির ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। টানেল বোরিং মেশিন সরানোর সম্পূর্ণ কাজটি করা হবে বিশেষজ্ঞ কমিটির তদারকিতে। মেশিন সরানোর কাজে তত্ত্বাবধান করবেন চেয়ারম্যান লিউনার্ড জন এন্ডিকট। তবে,ইস্ট ওয়েস্ট মেট্রোরেলের কাজ আপাতত বন্ধই থাকবে। মেট্রোরেলের তরফে আইনজীবী জিষ্ণু সাহা শুক্রবার হাইকোর্টে এই রিপোর্ট জমা দেন। এই মামলার পরবর্তী শুনানি হবে আগমী সোমবার। উল্লেখ্য, সেপ্টেম্বর মাসের প্রথম দিকে মেট্রোর সুড়ঙ্গ খোঁড়ার কাজে টানেল বোরিং মেশিন চালানোর ফলে বউবাজার এলাকায় প্রথমে স্যাঁকরা পাড়ায় ৪টি বাড়ি ভেঙে পরে। তারপর ভেঙে পরে একের পর এক বাড়ি। বিপজ্জনক ফাটল দেখা দেয় আরও কয়েকটি বাড়িতে। এরপরই এক স্বেচ্ছাসেবী সংস্থা কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে। পাশাপাশি, বউবাজারের বর্তমান পরিস্থিতি ও বাসিন্দাদের পুনর্বাসন নিয়ে রিপোর্ট তলব করেছিল হাইকোর্ট।


