গ্রামীণ সমাজে আর্থিক সচেতনতা বিস্তারে উদ্যোগ
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের প্রশিক্ষণ কেন্দ্র পিএনবি আরসেটি কাছাড়ে ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন (এনআরএলএম) কাছাড় জেলার উদ্যোগে ছয় দিনব্যাপী জিলা ভিত্তিক ফিনান্সিয়াল লিটারেসি কমিউনিটি রিসোর্স পার্সন (এফএলসিআরপি) প্রশিক্ষক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে।
এই প্রশিক্ষণে কাছাড় জেলা এনআরএলএম-এর ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিটের আওতাধীন বিভিন্ন ব্লক মিশন ম্যানেজমেন্ট ইউনিটে কর্মরত ব্যাঙ্ক মিত্র তথা ব্যাঙ্ক সখী মিলিয়ে মোট পঁয়ত্রিশ জন অংশগ্রহণ করেন।রবিবার সমাপ্তি অনুষ্ঠানে সভাপতিত্ব ও স্বাগত ভাষণে পিএনবি আরসেটি কাছাড়ের ডিরেক্টর অরুণজ্যোতি দে বলেন, আর্থিক অন্তর্ভুক্তি সমাজের সামগ্রিক উন্নয়নের অন্যতম প্রধান চালিকা শক্তি এবং ব্যাঙ্ক সখীরা গ্রামীণ জনগোষ্ঠী ও ব্যাঙ্ক ব্যবস্থার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে নিরলসভাবে কাজ করে চলেছেন।

লিড ডিস্ট্রিক্ট ম্যানেজার বিপ্রজিৎ দত্ত তাঁর বক্তব্যে সাংস্কৃতিক উপমা তুলে ধরে বলেন, গুরুজনের প্রতি সম্মান প্রদর্শন করলে বিদ্যার্জন সহজ হয় এবং ডেডিকেশন, ডিভোশন ও ডিসিপ্লিনের সঙ্গে সততার ভিত্তিতে কাজ করলে সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করা সম্ভব, এ ক্ষেত্রে ব্যাঙ্ক সর্বদা সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। প্রাক্তন লিড ডিস্ট্রিক্ট ম্যানেজার ও এফআইসি কাছাড় স্বরনেন্দুশেখর দেব রায় বলেন, এই নিবিড় প্রশিক্ষণের প্রকৃত সাফল্য আসবে মাঠ পর্যায়ে কার্যকর বাস্তবায়নের মাধ্যমে এবং আর্থিক অন্তর্ভুক্তির প্রসারে ক্রস সেলিং-এর ওপর গুরুত্ব দেওয়ার জন্য তিনি প্রশিক্ষিতদের প্রতি আহ্বান জানান।
পিএনবি আরসেটি কাছাড়ের সিনিয়র ফ্যাকাল্টি শাহেদ চৌধুরী প্রশিক্ষিত এফএলসিআরপিদের উদ্দেশ্যে বলেন, মাঠ পর্যায়ে কাজ শুরু করার আগে সমীক্ষা পরিচালনা করে প্রাপ্তবয়স্ক শিক্ষণ পদ্ধতির ভিত্তিতে ফোকাস গ্রুপ ডিসকাশনের মাধ্যমে গাইড ও ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করতে হবে, যাতে গ্রামীণ মানুষের আর্থিক আচরণে স্থায়ী ও ইতিবাচক পরিবর্তন আনা যায়। ডিএফই (এফআই) গোপেন্দ্র দাস এফএলসিআরপি ক্যাম্পের বাৎসরিক লক্ষ্য পূরণের বিষয়ে আলোকপাত করে সুপরিকল্পিত ও নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণের ওপর জোর দেন।
ছয় দিনব্যাপী এই আর্থিক সাক্ষরতা প্রশিক্ষণ কর্মশালা ও সমাপ্তি অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে পিএনবি আরসেটি কাছাড়ের কর্মকর্তা মনিষা নাগ, জয়মতি দাস, রিম্পা সেন, চম্পক শুক্লবৈদ্য, ভুবন বালা দাস প্রমুখ সক্রিয় ও প্রশংসনীয় ভূমিকা পালন করেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী বহু প্রশিক্ষণার্থী পিএনবি আরসেটি কাছাড় ও এনআরএলএম-এর প্রশিক্ষণ ব্যবস্থার ভূয়সী প্রশংসা করেন।
সমাপ্তি অনুষ্ঠানের শেষে ২৫ জন প্রশিক্ষণার্থীর হাতে শংসাপত্র প্রদান করা হয় এবং ভারত সরকারের গ্রাম উন্নয়ন মন্ত্রণালয়ের সাপ-সিঁড়ি লুডু ডাইস, ফিনান্সিয়াল লিটারেসির পনেরোটি পোস্টার, এমআইএস রেজিস্টার, প্রশিক্ষণ প্রদানের হ্যান্ডবুকসহ প্রশিক্ষণ কিট ব্যাগ বিতরণ করা হয়। পাশাপাশি জেলা পর্যায়ে ফিনান্সিয়াল লিটারেসি প্রশিক্ষণ বাস্তবায়নের লক্ষ্যে একটি অ্যাকশন প্ল্যান ক্যালেন্ডারও প্রস্তুত করা হয়েছে।



